কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল বুধবার রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম মো. মোশারফ হোসেন ওরফে মোশা (৩৬)। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামে।র‌্যাবের দাবি মোশারফ চরমপন্থী সংগঠন জনযুদ্ধের (লাল পতাকা) নেতা ও বোমা-বিশেষজ্ঞ। র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি এলজি, পাঁচটি তাজা গুলি, চারটি তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জামাদি ও দুটি হাঁসুয়া উদ্ধার করে।র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের সাত্তারপাড়া মাঠে একদল সন্ত্রাসী বোমা তৈরি করছে, এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাত একটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রথমে একটি বোমা ছুড়ে মারে এবং পরপরই তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ওই এলাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী লাশটি মোশারফের বলে শনাক্ত করে।কুষ্টিয়া র‌্যাব-১২-এর ক্যাপ্টেন আবদুল্লাহ আল মেহেদী প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধঘণ্টা বন্দুকযুদ্ধে র‌্যাব ২২টি গুলি ছোড়ে। বোমার আঘাতে র‌্যাবের একজন সদস্য সামান্য আহত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, মোশারফের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া গত চার-পাঁচ দিন আগে একই জায়গায় বোমা তৈরির সময় বিস্ফোরণে মোশারফ হাতে ও পায়ে আঘাত পেয়ে পালিয়ে ছিলেন। এলাকায় তাঁর একটি বোমা তৈরির দল রয়েছে।