কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল বুধবার গভীর রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাজী এহসান হায়দার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহত এহসান চরমপন্থী সংগঠন শ্রমজীবী মুক্তি আন্দোলনের নেতা।র্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, চরমপন্থী নেতা এহসান তাঁর সাত-আটজন সঙ্গী নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপন বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে গতকাল রাত সাড়ে তিনটার দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় চরমপন্থীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।প্রায় ১৫ মিনিট এই বন্দুকযুদ্ধের একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটতে বাধ্য হয়।পরে র্যাব ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও র্যাব লাশটি চরমপন্থী নেতা এহসানের বলে শনাক্ত করে। র্যাব ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, একটি এলজি, সাতটি গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে।সদর থানার পুলিশ জানায়, এহসানের বিরুদ্ধে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।