কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' নিহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিলন আলী (৩২) এবং জিয়াউর রহমান (৩৫) নামের দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। মিলনের বাড়ি কুষ্টিয়া শহরের চৌরহাস এলাকায় আর জিয়াউরের বাড়ি শহরের জগতি এলাকায়। আজ রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করে মিলনের ভাই আলম প্রথম আলো অনলাইনকে বলেন, তাঁর ভাইকে অযথা ও বেআইনিভাবে হত্যা করা হয়েছে। মিলন ও জিয়াউর বন্ধু। তাঁরা গাজীপুরে ব্যবসা করত। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই। মুঠোফোনে যোগাযোগ করা হলে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক প্রথম আলো অনলাইনকে বলেন, একদল ছিনতাইকারী সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাই করে ঝিনাইদহে পালিয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা স্বস্তিপুরে অবস্থান নেয়। রাত তিনটার দিকে র‌্যাব সদস্যরা ছিনতাইকারীদের গতিরোধ করার চেষ্টা করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই ছিনতাইকারী ঘটনাস্থলে নিহত হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, বন্দুকের দুটি গুলির খোসা ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।আবু বক্কর সিদ্দিক ঘটনার আরও তথ্য জানার জন্য র‌্যাবের আরেক উপপরিদর্শক লিয়াকত হোসেনকে ফোন দিতে বলেন। লিয়াকত হোসেন রাত দেড়-দুইটার দিকে এ ঘটনা ঘটেছে জানিয়ে ফোন কেটে দেন। এ ব্যাপারে কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক আব্বাস আলী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে। বেশি কিছু জানি না। র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেন।’