কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় র্যাবের গুলিতে মোতালেব হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি চরমপন্থী সংগঠন স্থানীয় মোতালেব বাহিনীর প্রধান।উপজেলার আমবাড়ি গ্রামের কুঠিপাড়া চর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।কুষ্টিয়া র্যাব ক্যাম্প ও খোকসা থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আমবাড়িয়া এলাকায় একদল চরমপন্থী গোপন বৈঠক করছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট ‘বন্দুকযুদ্ধে’র পর একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে সেখানে র্যাব এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় সেখান থেকে পাঁচটি এলজি (দেশীয়), একটি রিভলবার, একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও নয়টি পিস্তলের গুলি উদ্ধার করে র্যাব। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলো অনলাইনকে বলেন, মোতালেব খোকসা উপজেলায় চরমপন্থী সন্ত্রাসী মোতালেব বাহিনীর প্রধান। তিনি একটি অপহরণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে খোকসা থানায় একটি চাঁদাবাজির মামলা ও একটি সাধারণ ডায়েরি রয়েছে। এ ছাড়া চর এলাকায় তিনি সন্ত্রাসী কার্যকলাপ চালাতেন। মোতালেব খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের কিতাব উদ্দিনের ছেলে।