কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোতালেব হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কুঠিপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে।মোতালেব ওই ইউনিয়নের বারুইপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, মোতালেব চরমপন্থী সন্ত্রাসী মোতালেব বাহিনীর প্রধান।কুষ্টিয়া র্যাব ও খোকসা থানার পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে আমবাড়িয়া এলাকায় একদল চরমপন্থী বৈঠক করছে বলে জানতে পেরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা সেখানে অভিযান চালাতে যান। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় র্যাবের সদস্যরা ঘটনাস্থলে এক সন্ত্রাসীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় জনতা ও পুলিশের সহযোগিতায় সেখান থেকে র্যাব পাঁচটি এলজি, একটি রিভলবার, একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও পিস্তলের নয়টি গুলি উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, নিহত মোতালেব খোকসা উপজেলার চরমপন্থী সন্ত্রাসী মোতালেব বাহিনীর প্রধান। তিনি একটি অপহরণ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে খোকসা থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।