কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গতকাল শুক্রবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইদুল ইসলাম ওরফে সাঈদ (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি এলজি, চায়নিজ রাইফেলের সাতটি গুলি ও একটি তরবারি উদ্ধার করে। র‌্যাবের দাবি, সাঈদ ছিলেন চরমপন্থী সংগঠন গণবাহিনীর (জাসদ) আঞ্চলিক কমান্ডার। তিনি মিরপুর উপজেলার আটিগ্রাম গ্রামের আবেদ আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় অর্ধডজন মামলা রয়েছে।র‌্যাব জানায়, আটিগ্রাম গ্রামের জনৈক আবদুর রশীদের ইটভাটায় একদল লোক গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশগ্রহণকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর র‌্যাব ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। এটি সাঈদের লাশ বলে শনাক্ত করা হয়। মিরপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।