কুষ্টিয়ায় লাঠিখেলা শিক্ষাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর কেন্দ্রীয় দপ্তরের আয়োজনে ৬ ও ৭ ডিসেম্বর কুষ্টিয়া আউটার স্টেডিয়ামে শুরু হয়েছিল দুই দিনব্যাপী জাতীয় লাঠিখেলা শিক্ষাশিবির। সোমবার বিকেলে জেলা প্রশাসক আবদুল মান্নান লাঠিখেলা শিক্ষাশিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। লাঠিয়াল বাহিনীর সহসভাপতি জহুরুল হক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাহিনীর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। পরে কুষ্টিয়া, পাবনা, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর ও চুয়াডাঙ্গার প্রায় সাত শতাধিক লাঠিয়াল এ খেলায় অংশ নেন। বিকেলে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে স্টেডিয়াম এলাকায় লাঠিখেলার বিভিন্ন কসরত।দ্বিতীয় দিনে লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা ওস্তাদ ভাই এবং বাহিনীর সাবেক সাধারণ সম্পাদক মরহুম মঞ্জুরুল হক চৌধুরীর (চক্রমনি) প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ১০টায় লাঠিয়াল বাহিনীর সদস্যদের অংশগ্রহণে কুষ্টিয়া শহরে শোভাযাত্রা ও লাঠিয়ালদের মহড়া অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাঠিয়াল বাহিনীর সভাপতি আবদুর রশীদ চৌধুরী। ১৯৩৩ সালে সিরাজুল হক চৌধুরী (ওস্তাদ ভাই) লোকজ সংস্কৃতির অপরিহার্য অংশ হিসেবে লাঠিখেলাকে টিকিয়ে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে ‘লাঠিয়াল বাহিনী’ নামের এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা মরহুম সিরাজুল হক চৌধুরীর তত্ত্বাবধানে ১৯৭৬ সালে সর্বপ্রথম লাঠিখেলা শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। তাঁর সময় ছয়টি এবং তাঁর মৃত্যুর পর তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম মনজুরুল হক চৌধুরীর নেতৃত্বে আরও সাতটি লাঠিখেলা শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এবারের শিক্ষাশিবির ১৪তম। লাঠিখেলা কেন্দ্র করে পুরো স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।