কুষ্টিয়ায় লাশ উদ্ধার, চরমপন্থীর হাতে নিহত বলে সন্দেহ
কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশ ওয়াহেদ জোয়ার্দ্দার (৩৭) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মিরপুর উপজেলার রাজনগর সাইফুন ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সঙ্গে ওয়াহেদের সম্পর্ক ছিল। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও একটি গুলি উদ্ধার করে।মিরপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১১টা পর্যন্ত ওয়াহেদ তাঁর বাড়ি ওই উপজেলার চর নওদাপাড়া এলাকায় ছিলেন। ওই সময় পর্যন্ত তাঁকে কয়েকবার মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। কিন্তু রাত ১১টার পর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন ওয়াহেদ জোয়ার্দ্দারের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সঙ্গে ওয়াহেদ জোয়ার্দ্দারের সম্পর্ক ছিল। অভ্যন্তরীণ কোন্দলের কারণে ওয়াহেদকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনি উপজেলায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে ওয়াহেদের যুক্ত থাকার অভিযোগ রয়েছে।