কুষ্টিয়ায় শিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ আজ রোববার ভোরে ছাত্র শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ দুপুরে তাঁদের কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হবে।পুলিশ শহর শিবিরের সভাপতি মাজহারুল আলম, শামীম, হাসিবুল, সম্রাট, মিজানুর, সোহেল রানা, আনিসুর রহমান, এনামুল হক, হাসান, বকুল ও কাউসার আলীকে গ্রেপ্তার করেছে। তাঁদের গত মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরের এন এস রোডে বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত ঘোষিত আজকের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে নাশকতার সৃষ্টি করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ ভোর চারটার দিকে শহরের দুটি ছাত্রবাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। প্রসঙ্গত, একই মামলায় এ পর্যন্ত কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।