কুষ্টিয়ায় সাংসদের বাড়িতে বোমা হামলা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ আসনের সরকারদলীয় সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে বোমা হামলায় স্কুলের প্রধান শিক্ষক ও এক সন্ত্রাসীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন সহকারী স্কুলশিক্ষকও আহত হয়েছেন। তবে অল্পের জন্য সাংসদ রক্ষা পেয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন—তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমত আলী ও স্থানীয় সিদ্দিক। তবে অপরজনের পরিচয় জানা যায়নি। আহত হলেন ওই স্কুলের সহকারী শিক্ষক ওবায়দুল হক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ শনিবার রাতে সাংসদের কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।আজ রাত আটটার দিকে সাংসদ ও তাঁর ছেলে আরিফ বিশ্বাস গ্রামের বাড়ির বৈঠকখানায় তারাগুনিয়া স্কুল নিয়ে কথা বলছিলেন। এ সময় একটি কাগজে স্বাক্ষর করে সাংসদ আফাজউদ্দিন পাশের রুমের যান। তখন লুঙ্গি পরা দুই-তিনজন এসে বৈঠকখানায় বসে। এর কিছুক্ষণ পর বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সাংসদ আফাজ উদ্দিনের সঙ্গে তাঁর মুঠোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যাচ্ছে না।