কুষ্টিয়ায় সাংসদের বাড়িতে বোমা হামলা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ আফাজ উদ্দিন বিশ্বাসের বাড়িতে গতকাল শনিবার রাতে বোমা হামলা হয়েছে। হামলায় এক শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য এক শিক্ষক। তবে সাংসদ ও তাঁর পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন।পুুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আফাজ উদ্দিন বিশ্বাস রাত সোয়া আটটার দিকে উপজেলার তারাগুনিয়া গ্রামের নিজ বাড়ির বৈঠকখানায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমত আলী ও সহকারী শিক্ষক ওবায়দুল হকের সঙ্গে বিদ্যালয়সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় সাংসদের বড় ছেলে আরিফ বিশ্বাসসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে সাংসদ ও তাঁর ছেলে পাশের কক্ষে যান। এ সময় অজ্ঞাতপরিচয় তিন-চারজন বৈঠকখানায় প্রবেশ করে সোফায় বসে। তারা বসার কিছুক্ষণ পরই বোমা বিস্ফোরিত হয়। এতে প্রধান শিক্ষক আসমত আলী, স্থানীয় আওয়ামী লীগের কর্মী সিদ্দিক নিহত হন এবং অজ্ঞাতপরিচয় এক হামলাকারী ঘটনাস্থলেই মারা যায়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবীবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বোমা হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে বলে তিনি জানান।