কুষ্টিয়ায় সাংসদের বাড়িতে বোমা হামলার ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সাংসদ আফাজ উদ্দিন বিশ্বাসের বাড়িতে বোমা হামলার ঘটনায় দৌলতপুর থানায় দুটি মামলা করা হয়েছে। সাংসদের ছেলে এজাজ আহমেদ ওরফে মামুন বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দুটি করেন। মামলা দুটিতে চারজনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।এ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে জাহিদ হোসেন (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি দৌলতপুর উপজেলার গোপীনাথ গ্রামের বাসিন্দা।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বোমা হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আহাদুল ইসলাম (৩২)। তিনি অপর নিহত ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমানের চাচাতো ভাই। আহাদুলের কোমরে বোমা বাঁধা ছিল। বোমা বিস্ফোরণে তাঁর হাতের একটি অংশ উড়ে যায়। রাতেই গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, এ দুজন বোমা হামলাকারী চক্রের সদস্য। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ রোববার সকালে বিক্ষোভ মিছিল করেছে।সাংসদ আফাজ উদ্দিন বিশ্বাসের বাড়িতে গতকাল রাতে বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন শিক্ষকসহ তিন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন একজন শিক্ষক। তবে সাংসদ ও তাঁর পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন।