স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযান। আজ থাকছে স্বাধীনতার ঊষালগ্নের কুষ্টিয়া যুদ্ধ, যেখানে বাঙালি সৈনিক আর জনতা যুদ্ধ করেছিল কাঁধে কাঁধ মিলিয়ে। ২৫ মার্চ ১৯৭১। রাত দেড়টায় ২৭ বেলুচ রেজিমেন্টের একটি কোম্পানি কুষ্টিয়ায় এসে উপস্থিত। সৈন্য সব মিলিয়ে ২০০, কিন্তু সমরাস্ত্রের বহর মারাত্মক। নেতৃত্ব দিচ্ছেন মেজর শোয়েব। তাঁর সঙ্গে আরও তিনজন অফিসার। শহরে ঢুকেই মেজর শোয়েব ট্যাংক-বিধ্বংসী অস্ত্র আর ভারী মেশিনগানসহ পুলিশ লাইন ও ওয়্যারলেস স্টেশনে পাহারা বসিয়েছেন। আরেকটি প্লাটুনসহ তিনি অবস্থান নিয়েছেন জেলা স্কুল সংলগ্ন সার্কিট হাউসে। তিনি সান্ধ্য আইন জারি করে দিলেন। কুষ্টিয়া অবরুদ্ধ হয়ে গেল। পরদিন ২৬ মার্চ চুয়াডাঙ্গা শহরে একটি রুদ্ধদ্বার বৈঠক হলো। বৈঠক ডেকেছেন চুয়াডাঙ্গা ইপিআরের চতুর্থ উইংয়ের কমান্ডার মেজর এম এ ওসমান চৌধুরী। ক্যাপ্টেন আজম চৌধুরী, ডা. আসহাবুল হক, এসডিও তৌফিক এলাহি, এসডিপিও মাহবুবউদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত। মেজর ওসমান বললেন, ‘এ অন্যায় আমরা সইব না। শপথ নিলাম, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব, যুদ্ধ করব।’ মেজর ওসমানের টার্গেট কুষ্টিয়া দখল করা। তাঁর বাহিনীতে সৈনিক প্রায় ৬০০। অস্ত্রবহরে আছে ট্যাংকবিধ্বংসী অস্ত্র, মেশিনগান, এলএমজি, তিন ইঞ্চি মর্টার। চাইনিজ রাইফেল সব মিলিয়ে ২০০। মেজর ওসমান নিয়মিত সৈন্যের পাশাপাশি আমজনতাকেও সঙ্গে নিলেন। নিয়মিত সৈন্যরা সরাসরি যুদ্ধ করবে, জনতা পেছন থেকে হুংকার দেবে। এতে প্রতিপক্ষ ঘাবড়ে যাবে। ওদের মনোবল ভেঙে যাবে। পাকিস্তানি বাহিনীকে আক্রমণ করা হবে তিন দিক থেকে। ইপিআর বাহিনী ঝাঁপিয়ে পড়বে সরাসরি। আর জনতা পেছন থেকে রক্ত হিম করা গলায় রণহুংকার দেবে। ঠিক হলো, প্রথম দলটি আসবে প্রাগপুর থেকে। এদের দায়িত্ব হবে কুষ্টিয়ার উপকণ্ঠে ঘাপটি মেরে থাকা। তারপর সময়মতো পুলিশলাইন ঘাঁটিতে আক্রমণ করা। ধোপাখালি থেকে আরেকটি দল যাবে। এদের দায়িত্ব ওয়্যারলেস স্টেশনে থাকা পাকিস্তানি সৈন্যদের আক্রমণ করা। তৃতীয় দলটি আসবে বৈদ্যনাথতলা (অধুনা মুজিবনগর) থেকে। এদের টার্গেট হবে জেলা স্কুলের ঘাঁটি। একটি কোম্পানির দায়িত্ব থাকল শত্রুর ছোটখাটো দলের অনুপ্রবেশ ঠেকানো। যশোর সেনানিবাস খুব বেশি দূরে নয়। তাই সেই পথ রোধ করতে অন্য একটি দল প্রস্তুত করা হলো। আক্রমণকারী প্রতিটি ইপিআর কোম্পানির পেছনে থাকবে জনতার ঢল। বাঁশের লাঠি হাতে প্রত্যেক দলে পাঁচ হাজার মানুষ। চিকিৎসা, সিগন্যাল যোগাযোগ ও খাবারের দিকটাও ভাবা হলো। এ জন্য ঠিকঠাক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। ২.গোড়াতেই গলদ। রাত চারটার মধ্যে মিশন শুরু হওয়ার কথা। কিন্তু সড়ক দুর্ঘটনার জন্য একটি দল পৌঁছাতে দেরি করে ফেলেছে। মিশন পেছানো হলো ২৪ ঘণ্টা। এত লোক শান্ত রাখা কঠিন কাজ। যুদ্ধের সার্বিক নির্দেশনার দায়িত্ব আযম চৌধুরীর ওপর। ৩০ মার্চ শেষ রাতে চারটায় অ্যাকশন শুরু হলো। মুক্তিবাহিনী তিন দিক থেকে ঝাঁপিয়ে পড়েছে। পুলিশলাইন ঘাঁটিতে হামলা চলছে মহাজনপুর হাজিবাড়ির তৃতীয় তলা থেকে। আরেকটি কোম্পানি বাঘের মতো হামলে পড়েছে জেলা স্কুলের ওপর। আরেক দলের টার্গেট ওয়্যারলেস স্টেশন। সেখানেও ভয়ানক যুদ্ধ শুরু হলো। উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি চলছে। দুপুর পর্যন্ত যুদ্ধ চলল। দুপুর দেড়টায় পাকিস্তানি বাহিনী ট্যাংকবিধ্বংসী ১০৬ মিমি আরআর হাজিবাড়ির দিকে নিশানা করেছে। হাজিবাড়ি উড়িয়ে দেবে ওরা। সুবেদার মতিন তখন একটা প্রায় জাদুকরি কাজ করলেন। একই সঙ্গে একটি আরআর, তিনটি এলএমজি, আর দুই ইঞ্চি মর্টারের গোলা ছুড়ে তিনি শত্রুবাহিনীর অস্ত্র ধুলিসাৎ করে ফেললেন। ৩০ মার্চ বিকেল নাগাদ শত্রুর দুটো ঘাঁটির নিরঙ্কুশ পতন হলো। পুলিশলাইন ও ওয়্যারলেস স্টেশন ঘাঁটি কলাপস করেছে। এই দুই ঘাঁটির শত্রুসেনাদের বেশির ভাগ প্রাণ হারিয়েছে। অন্য দুই ঘাঁটির জীবিত সৈন্যরা জেলা স্কুলে সমবেত হওয়ার চেষ্টা করছে। মহা সংকটে পাকিস্তানি বাহিনী। অতিরিক্ত জনবল ছাড়া এই যুদ্ধে কোনো আশা নেই। যশোর সেনানিবাসের কাছে ওয়্যারলেসের মাধ্যমে সাহায্য কামনা করল তারা। কিন্তু যশোর থেকে সাফ জানিয়ে দেওয়া হলো—সাহায্য করা অসম্ভব। তাদের বার্তাটি মুক্তিবাহিনীর ওয়্যারলেসে ধরা পড়ল। সেখানে বলা হয়েছে, ‘রিইনফোর্সমেন্ট নট পসিবল। ট্রাই টু লিভ অন ইওর ওন।’৩১ মার্চ ভোরবেলা। ক্যাপ্টেন আযম চৌধুরী নব উদ্যমে জেলা স্কুল আক্রমণ করলেন। পাকিস্তানি সৈন্যরা ভারী অস্ত্র দিয়ে জবাব দিচ্ছে। সারা দিন যুদ্ধ চলছে। ধুপধাপ পাকিস্তানি সৈন্যদের লাশ পড়ছে। সন্ধ্যার দিকে পাকিস্তানি বাহিনীর আক্রমণের ঝাঁঝ অনেক কমে এল। অন্ধকার একটু গাঢ় হতেই জিপ আর পিকআপ নিয়ে অফিসাররা পালানো আরম্ভ করে দিলেন। সব মিলিয়ে জনা পঞ্চাশেক পাকিস্তানি সৈন্য ও অফিসার। মুক্তিযোদ্ধাদের একটি দল ওদের পিছু নিয়েছে। আযম চৌধুরী বিষয়টি আগেই ভেবে রেখেছেন। ঝিনাইদহের কাছে গাড়াগঞ্জ ব্রিজে মুক্তিবাহিনী একটি অ্যামবুশ পেতে রেখেছে। ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে। ব্রিজের জায়গায় আলকাতরা মাখা বাঁশের চাটাই পাতা। দূর থেকে দেখলে পিচ-ঢালা রাস্তা মনে হওয়া স্বাভাবিক। ভাঙা ব্রিজের ওপর গাড়ি আসতেই সব কটা গাড়ি গভীর খাদে পড়ে গেছে। ওত পেতে থাকা মুক্তিবাহিনী ধীরেসুস্থে হামলা করেছে। মেজর শোয়েবসহ অনেক পাকিস্তানি সৈন্য ঘটনাস্থলেই নিহত হলেন। কয়েকজন উঠে পালানোর চেষ্টা করছিলেন। গ্রামবাসী এদের পিটিয়ে মেরে ফেলে। পাকিস্তানি সেনা-অফিসার আতাউল্লাহ শাহ আর আইয়ুব গ্রামবাসীর হাতে ধরা পড়লেন। সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ (সপ্তম খণ্ড), সেনাসদর, শিক্ষা পরিদপ্তর; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র: নবম খণ্ড—তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা