কুষ্টিয়ায় সেই অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
ছাত্র নির্যাতনের ঘটনায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহর এক মাসের বাধ্যতামূলক ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিল করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ রোববার দুপুরে প্রতিষ্ঠানে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ দুপুর একটায় কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠক হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে বাধ্যতামূলক ছুটি বাতিল করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’এর আগে গতকাল শনিবার ছাত্রদের বিক্ষোভের মুখে পুলিশ সুপার (এসপি) তাঁকে এ বাধ্যতামূলক ছুুটি দিয়েছিলেন।এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অধ্যক্ষ আবু দারদা ৩০-৩৫ জন ছাত্রকে বেত্রাঘাত করার কথা স্বীকার করেছেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কয়েকজন ছাত্রকে অধ্যক্ষ বেতের লাঠি দিয়ে গণপিটুনি দেন বলে অভিযোগ ওঠে। এতে ছয়জন ছাত্র হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা নেয়, বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক সেবা নেয়। ওই ঘটনার পর অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল সকালে বিক্ষোভ সমাবেশ করে।এদিকে কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী অভিযুক্ত অধ্যক্ষ, আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি জানিয়ে খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তার কাছে আজ প্রতিবেদন পাঠিয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে প্রধান করে তিন সদস্যের কমিটি দ্বিতীয় দিনের তদন্ত করেছে বলে জানা গেছে। কাল সোমবার প্রতিবেদন এসপির কাছে জমা দেওয়ার কথা রয়েছে।