কুষ্টিয়ায় সেই অধ্যক্ষকে এক মাসের বাধ্যতামূলক ছুটি
ছাত্র পেটানোর ঘটনায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহকে এক মাসের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।সুভাষ চন্দ্র সাহা বলেন ‘একজন ব্যক্তির জন্য পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। এ জন্য পুলিশ সুপার নিজ ক্ষমতাবলে অধ্যক্ষকে এক মাসের ছুটি দিয়ে তাঁর স্থলে ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক লিয়াকত আলীকে দায়িত্ব দিয়েছেন। এমনকি অধ্যক্ষ এই সময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না।’এদিকে অধ্যক্ষের অপসারণের দাবিতে সকাল আটটা থেকে বিক্ষোভ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা। ক্লাস শুরুর আগে সমাবেশে (অ্যাসেম্বলি) যোগ না দিয়ে তারা এ বিক্ষোভ সমাবেশ করে। গত বৃহস্পতিবার সকালে ওই প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রকে অধ্যক্ষ বেত্রাঘাত করেন। এ ঘটনায় আজ খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তা ও কুষ্টিয়ার পুলিশ সুপার পৃথক দুটি তদন্ত দল গঠন করেছেন।সকাল আটটায় স্কুলে গিয়ে দেখা যায়, অষ্টম, নবম ও দশম শ্রেণীর কয়েক শ শিক্ষার্থী ‘উই ওয়ান্ট জাস্টিস, অধ্যক্ষের অপসারণ চাই’ স্লোগান লেখা ব্যানার নিয়ে স্কুলের মাঠে বিক্ষোভ মিছিল করছে। একপর্যায়ে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভে যোগ দেন। স্কুলের শিক্ষকেরা বিক্ষোভ থামাতে ব্যর্থ হলে খবর পেয়ে পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) রকিব উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান। তিনি মাইকে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা থামো, অধ্যক্ষের বিচার হবেই। এক ব্যক্তির জন্য পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হতে পারে না।’ সকাল সাড়ে আটটার দিকে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বলেন, ‘বৃহস্পতিবারের ঘটনাটি পুলিশ লাইনের ইতিহাসে নিন্দনীয়, দুঃখজনক ও ন্যক্কারজনক। এ ঘটনায় এর মধ্যে তদন্ত শুরু হয়েছে।’ এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকে।সকাল নয়টার দিকে প্রতিষ্ঠানের সভাপতি কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনা প্রমাণিত হলে অবশ্যই ওই অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভের দুই ঘণ্টা অতিবাহিত হলেও স্কুলের দোতলা থেকে অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহ নিচে নেমে না আসায় অভিভাবকেরা পুলিশ সুপারের কাছে অধ্যক্ষের অপসারণ চেয়ে স্মারকলিপি দেন।