কুষ্টিয়ায় স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় নিজ বাসায় রহস্যজনকভাবে খুন হয়েছে ইরফান আহমেদ ওরফে সানিম (১৫) নামের এক স্কুলছাত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত নয়টার মধ্যে কোনো একসময় সে খুন হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইরফানের এক বন্ধুর মা-বাবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।ইরফান কুষ্টিয়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম জিল্লুর রহমান। ইরফানের মা কনা বেগম জানান, গতকাল রাত নয়টার দিকে তিনি কর্মস্থল থেকে ঘরে ফিরে দরজায় তালা দেখতে পান। তালা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর ইরফানের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে চিত্কার দেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। পরে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনার পরপরই কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই আমলাপাড়া থেকে ইরফানের এক বন্ধুর মা-বাবাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলো অনলাইনকে বলেন, কে বা কারা ইরফানকে হত্যা করেছে—সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে, খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের বিস্তারিত জানানো সম্ভব হবে।