কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষসহ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রোমেল (৩০) নামের স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের নারিকেলতলা এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর পুলিশ কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে অভিযান চালিয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছয়জনকে আটক করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে নয়টার দিকে থানাপাড়া এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগের একদল কর্মী সশস্ত্র অবস্থায় শহরের ঈদগাহপাড়ায় অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে নারিকেলতলা মোড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে স্বেচ্ছাসেবক কর্মী রোমেল ছুরির আঘাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোমেলের বাড়ি কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এলাকায়।সংঘর্ষের সময় শহরে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলামের ছোট ভাইয়ের দোকান ভাঙচুর করা হয়। এ সময় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী জানায়, সংঘর্ষ চলাকালে তিন রাউন্ড গুলি ও বোমার বিস্ফোরণ ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল রাতের ঘটনাটি ঘটে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলি ও বোমা বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।সংঘর্ষের পর মডেল থানার পুলিশ কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে অভিযান চালিয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ছয়জনকে আটক করে। আটক অন্যরা হলেন, কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা রুবেল হক (১৭), স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রেজাউল করিম (২১), সম্মান চতুর্থ বর্ষের রাসেল উদ্দিন, সম্মান প্রথম বর্ষের মজনুল হক (২১) এবং কলেজের নৈশপ্রহরী আতিকুর রহমান।এ ব্যাপারে মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রথম আলোকে বলেন, মামুনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। বাকিরা তাদের পরিচয়পত্র না দেখাতে পারায় আটক করা হয়েছে। অভিযানের সময় কলেজ হোস্টেলের বাথরুম থেকে একটি ককটেল , বেশ কিছু লাঠিসোঁটা, দুটি রামদা উদ্ধার করা হয়েছে।