কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা: আহত এসআইয়ের মৃত্যু
কুষ্টিয়া-পাবনার সংযোগ সেতু লালন শাহর ওপর মাইক্রোবাস উল্টে আহত হওয়া ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন গতকাল শনিবার রাতে মারা গেছেন। রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাঁর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।প্রসঙ্গত, গতকাল রাত ১০টার দিকে ভেড়ামারা থানার সাত-আটজন সদস্য একটি মাইক্রোবাসে করে পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে গ্যাস নিয়ে ফিরছিলেন। লালন শাহ সেতুর ঈশ্বরদী অংশের টোলপ্লাজার কাছেই সামনের চাকা ফেটে গেলে গাড়িটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) শমরুল ইসলাম ও আনসার সদস্য রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত পুলিশ সদস্য কামরুন্নাহার রোজী, ওলিয়ার রহমান, আনসার সদস্য সোহেল রানা ও গাড়িচালক বাবুল হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সৈয়দ মোস্তফা কামাল আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, আহত পাঁচজনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা রাতে মাহাবুবকে মৃত ঘোষণা করেন।