কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দিন (৫০) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে ভেড়ামারা উপজেলার লালন শাহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত জালাল ভেড়ামারা শহরের কাচারিপাড়ার বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে জালাল উদ্দিন তাঁর নিজের মোটরসাইকেলে করে ভেড়ামারা থেকে পাবনা যাচ্ছিলেন। মহাসড়কের লালন শাহ ব্রিজের কাছে ঢাকাগামী দূরপাল্লার শ্যামলী পরিবহন যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় জালাল উদ্দিন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের সঙ্গে ধাক্কা লাগায়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।