কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১, সড়ক অবরোধ
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মঙ্গলবাড়িয়া বাজারে আজ মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় আবদুল বারেক (৬৫) নামের একজন বৃদ্ধ গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে শতাধিক লোক প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। এতে উত্তর ও দক্ষিণ বঙ্গের শতাধিক গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে, আবদুল বারেক ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পশ্চিম সরদি গ্রামের বাসিন্দা। আজ সকাল পৌনে আটটার দিকে মঙ্গলবাড়িয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় বিআরবি গ্রুপের একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দিয়ে পাবনার দিকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন, তাঁর দুই পায়ে মারাত্মক জখম হয়েছে।কুষ্টিয়া হাইওয়ে (পশ্চিমাঞ্চল) পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় গাড়ির নম্বর সংগ্রহ ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে খবর পেয়ে বিআরবি গ্রুপের কর্মকর্তারা আবদুল বারেকের চিকিত্সার যাবতীয় ব্যয় বহন করবে বলে জানিয়েছে।