কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত, ১৫ প্রতিবন্ধী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন প্রতিবন্ধী। তাদের দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে দৌলতপুর হোসেনাবাদ মাঠপাড়া সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল খতেজান বেগম (৮৫) নামের এক বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেল চালক রুহুল সর্দারকে (২৭) আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ খতেজানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল বুধবার ‘সবার সাথে জীবন গড়ব’ নামে একটি প্রতিবন্ধী সংগঠনের মেহেরপুরের মুজিবনগরে পিকনিকে যায়। সেখান থেকে রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার বোয়ালিয়া ব্রিজের কাছে পিকনিক বাসটি উল্টে ১৫ জন প্রতিবন্ধী আহত হয়।প্রতিবন্ধী সংগঠনের সভাপতি রূপচাঁদ আলী (৩৮) চিকিত্সাধীন অবস্থায় জানান, প্রতিবন্ধীদের নিয়ে পিকনিক শেষে বাড়ি ফেরার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রতিবন্ধী লস্কর আলী (৫০), ঝুরুজান (৪৫), পারুল (৪০), যমুনা খাতুন (৫০), তনু (৩৮), আকরাম হোসেন (২৮), বেগম (৪৮), রোকেয়া খাতুন (৩০), তহিরুর ইসলাম (৩৮), আজিজুল হক (৫০), ফরিদুল (৪৮), আইয়ুব আলী (৫৫), কাজলী (১৮) ও তহুরা (৪২) আহত হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দুটো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।