কুষ্টিয়ায় হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার দৌলতখালী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মহিদুল ইসলামের ছেলে মামুন আলী (২২), তাহাজ্জত আলীর ছেলে উজ্জ্বল হোসেন (২৮) ও আকছেদ আলীর ছেলে আনিসুর রহমান (৩০)। তাঁদের বাড়ি দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুত্ফর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ইসলামের দাওয়াতের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পরে আদালতের অনুমতি সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপরাধে মামলা হতে পারে। তিনি জানান, স্থানীয় লোকজনের মধ্যে তাঁরা রাষ্ট্রবিরোধী প্রচারপত্র, সিডি, বই ও লিফলেট বিতরণ করছিলেন।