বিডিআর বিদ্রোহের মামলায় কুষ্টিয়া সেক্টরের ১৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। এর আগে সকাল সাড়ে সাতটায় অভিযুক্ত ১৫ জনকে হাতকড়া পরিয়ে সেক্টর চত্বরে নেওয়া হয়।সকাল সাড়ে আটটায় আদালতের শুরুতে মামলার প্রসিকিউটর মেজর সৈয়দ ফজলে হোসেন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন জানান। আদালতের সভাপতি পৃথকভাবে আসামিদের কাছে জানতে চান, তাঁরা দোষী না-নির্দোষ। এ সময় সব আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালতের সভাপতি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালতে বিচারক প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত আছেন লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রমুখ। উল্লেখ্য, গত ১১ নভেম্বর অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে আদালত মুলতবি করা হয়।