কুষ্টিয়ায় ২৭০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৭০০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খুলনার সোনাইডাঙ্গা গ্রামের আবদুস সালাম হাওলাদার (৫৬), পাবনা সদর উপজেলার আজাদ হোসেন (৩৭) ও রেজাউল হাকিম ওরফে কিরণ (৩৮) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দেলোয়ার হোসেন (৩৪)।র্যাব-১২ সূত্রে জানা যায়, মজমপুর এলাকায় জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চার ব্যক্তি অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। সেখান থেকে ওই চারজনকে আটক করে তাঁদের দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।কুষ্টিয়া র্যাব ক্যাম্পের ক্যাপ্টেন মনজুরুল হাসান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইয়াবা ব্যবসায়ী। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য সাড়ে ১৩ লাখ টাকা।কুষ্টিয়া মডেল থানা পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।