কুষ্টিয়ায় ৭২ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে কুষ্টিয়া সেক্টর, ৩২ ও ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ৭২ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তবে ৩৫ রাইফেল ব্যাটালিয়নের একজন আসামি বেকসুর খালাস পেয়েছেন। বিশেষ আদালত-১৭-এর সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের কমান্ডার নজরুল ইসলাম সরকার আজ বুধবার এ রায় ঘোষণা করেন।কুষ্টিয়া সদর সেক্টরের ১৫ জন জওয়ানকে সর্বোচ্চ সাড়ে তিন বছর এবং সর্বনিম্ন দুই মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।একই আদালতে ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জন জওয়ানের সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন চার মাসের সাজা হয়েছে। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন আসামির মধ্যে ১৭ জনের সর্বোচ্চ চার বছর এবং সর্বনিম্ন চার মাসের সাজা হয়েছে। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সুবেদার মেজর হোসেন আলী নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এর আগে অভিযুক্ত ৭৩ আসামিকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে আজ সকাল সাড়ে আটটায় বিশেষ আদালতে হাজির করা হয়। এ মামলায় প্রসিকিউটর হিসেবে ৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার আইনুল জামাল দায়িত্ব পালন করেন। আদালতের অন্য সদস্যদের মধ্যে ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. সেলিম, বিশেষ প্রসিকিউটর শাহীদুর রহমান ও শেখ মো. সেলিম। পৃথক তিনটি মামলায় তিনজন সেনা কর্মকর্তাসহ ৫০ জন সাক্ষী সাক্ষ্য দেন।