কুষ্টিয়ায় বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ৭২ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা পাওয়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।বিডিআর বিদ্রোহের বিচারের জন্য কুষ্টিয়ায় গঠিত বিশেষ আদালত-১৭-এর সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার গতকাল বুধবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত একজনকে বেকসুর খালাস দেন।আদালত সূত্র জানায়, বিশেষ আদালত-১৭-তে কুষ্টিয়া সেক্টরের ১৫ জন, ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জন ও চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন জওয়ানের বিচার হয়।সকাল পৌনে ১০টায় কুষ্টিয়া সেক্টরের ১৫ জওয়ানকে কারাদণ্ড দেওয়া হয়। আদালত নায়েক আবুল কাশেমকে তিন বছর ছয় মাস এবং নায়েক কাজী মহিদুল ইসলাম, সিপাহি বি এম জাহাঙ্গীর ও আবদুর রহমানকে তিন বছর করে কারাদণ্ড দেন। নায়েক শাহ আলম ও শামসুল কাদেরকে দুই বছর করে এবং নায়েক সুবেদার আবদুর রশিদ, মুরাদ আলী ও অনুপ কুমার ভদ্রকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অবশিষ্ট ছয়জনের চার মাস করে সাজা হয়েছে।৩০ মিনিট বিরতির পর বেলা ১১টায় একই আদালত ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জওয়ানকে কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে সিপাহি অনু মারমাকে সর্বোচ্চ সাত বছরের সাজা দেওয়া হয়। সিগনালম্যান খোরশেদ আলম ও সিপাহি রফিকুল ইসলামকে পাঁচ বছর করে; নায়েক বশির সিকদারের চার বছর এবং নায়েক আবদুল মজিদ, ল্যান্স নায়েক আব্বাস আলী ও সিপাহি জিয়াউল হককে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছ। নায়েব সুবেদার সুলতান আহমেদ, নায়েক জাহাঙ্গীর আলম, সিপাহি জাকির হোসেন ও পারভেজ হোসেনের দুই বছর করে এবং হাবিলদার জয়নুল আবেদিনের এক বছর ছয় মাস কারাদণ্ড হয়। এ ছাড়া সাতজনের এক বছর করে এবং ২১ জনের চার মাস করে সাজা হয়।এর আধা ঘণ্টা পর ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জওয়ানের মধ্যে নায়েক কামরুজ্জামান, ল্যান্স নায়েক খন্দকার আসাদুল হক ও সিপাহি গোলাম মোস্তফার চার বছর করে এবং নায়েব সুবেদার আজিজুর রহমান, মেডিকেল সহকারী মোমিনুর রহমান ও সিপাহি নূরুল আলম মৃধাকে তিন বছর করে কারাদণ্ড দেন আদালত। সিপাহি আবদুল হান্নান, এস এম মাহাবুবুল আলম, ফজলুল হক, আবদুস সালাম মিয়া ও চালক শাহিন মিয়ার দুই বছর করে সাজা হয়। এ ছাড়া একজনকে এক বছর, একজনকে ছয় মাস ও চারজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই ব্যাটালিয়নের সুবেদার মেজর হোসেন আলীকে বেকসুর খালাস দেন আদালত।রায় ঘোষণা শেষে দুপুর সাড়ে ১২টায় আদালত-১৭-এর কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। রায়ের পর আদালতের কক্ষ থেকে বের হয়ে সাজা পাওয়া বেশ কয়েকজন আসামি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের গালাগাল করেন। কারাগার থেকে মুক্তির পর কর্মকর্তাদের দেখে নেওয়া হবে বলে অনেক আসামি হুমকি দেন। কেউ কেউ কিছু না বলে কান্নায় ভেঙে পড়েন।বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন লে. কর্নেল সালাউদ্দিন, মেজর আশফাক হোসেন চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। কুষ্টিয়া সেক্টরের জি-২ মেজর আনারুল হক, ৩২ রাইফেল ব্যাটালিয়নের লে. কর্নেল খোন্দকার আইনুল জামাল ও ৩৫ রাইফেল ব্যাটালিয়নের লে. কর্নেল সুলতান আহমেদ কৌঁসুলির দায়িত্ব পালন করেন।রায় ঘোষণার পর কারাদণ্ড পাওয়া জওয়ানদের দুটি প্রিজন ভ্যানে করে কুষ্টিয়া কারাগারে নেওয়া হয়। এ সময় কুষ্টিয়া সেক্টরের প্রধান ফটকের সামনে সাজা পাওয়া জওয়ানদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। ছোট ছেলেমেয়েরা হাউমাউ করে কাঁদতে কাঁদতে প্রিজন ভ্যানের পেছনে দৌড়াতে থাকে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। এ ঘটনায় বিডিআর আইনের মামলায় গত বছরের ১০ নভেম্বর বিচারকাজ শুরু হয়।দিনাজপুরে সাক্ষ্যগ্রহণ শেষ: দিনাজপুর অফিস জানায়, বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় গতকাল বুধবার সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে ১৭ সাক্ষীর সবার সাক্ষ্য নেওয়া হলো। এ মামলার আরও এক আসামি গতকাল দোষ স্বীকার করেছেন। এ নিয়ে ১৩ জনের মধ্যে ১১ জন আদালতে দোষ স্বীকার করলেন।গতকাল সকাল সাড়ে ১০টায় বিশেষ আদালত-১৩-এর বিচারকাজ শুরু হয়। আসামিদের উপস্থিতিতে অবশিষ্ট সাতজন সাক্ষী সাক্ষ্য দেন এবং আসামিরা তাঁদের জেরা করেন। দুপুর দেড়টায় আদালত মুলতবি করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুনরায় আদালত বসবেন।আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন দিনাজপুর বিডিআরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ।