কুষ্টিয়ায় ৭৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় বিডিআর বিদ্রোহের ঘটনায় আজ বুধবার ৭৩ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। এই ৭৩ জনের মধ্যে কুষ্টিয়া মিরপুর সেক্টরের ১৫ জন, ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জন এবং চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন জওয়ান রয়েছে। ৩২ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৭তে আজ এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। সকাল নয়টা ১৫ মিনিটে বিচারকাজ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। আদালত কাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আদালতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গায় ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জনের মধ্যে কর্মরত ছয়জনকে আজ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাকি ১২ জন আগে থেকেই কারাগারে ছিলেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েব সুবেদার আমজাদ হোসেন মণ্ডল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মেজর আহসান আহমেদ। এর আগে ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জন জওয়ানের বিরুদ্ধে সুবেদার জামাত আলী অভিযোগ উত্থাপন করেন। বিচারক ৪০ জনের মধ্যে ব্যাটালিয়নে থাকা নয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর বাকি ৩১ জন আগে থেকেই কুষ্টিয়া কারাগারে আটক রয়েছেন।প্রসিকিউটর ৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার আইনুল জামাল আদালতকে বলেন, গত বছর ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের পর ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ৩২ রাইফেল ব্যাটালিয়নের কতিপয় বিপথগামী জওয়ান ভারী অস্ত্র নিয়ে কুষ্টিয়া মেহেরপুর সড়কে মহড়া দেয়। তাঁরা পাগলা ঘণ্টা বাজিয়ে ও গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করেন। আজ শুরুতে কুষ্টিয়ার মিরপুর সেক্টরের অভিযুক্ত ১৫ জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ অনুষ্ঠিত হয়। এতে নায়েব সুবেদার আলাউদ্দিন অভিযোগ উত্থাপন করেন। সেক্টরের বিচারকাজে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সেক্টরের জি-২ মেজর সৈয়দ ফজলে হোসেন। এই ১৫ জওয়ানের মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন। অপর পাঁচজনকে আজ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিদ্রোহীদের বিচারের জন্য কুষ্টিয়া বিডিআর সেক্টরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের তিন স্তরের নিরাপত্তার পাশাপাশি বিডিআর সদস্যরা নিয়োজিত ছিলেন।আদালতকে সহযোগিতা করেন লে. কর্নেল সালাউদ্দিন, মেজর আশফাক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। আদালতে বিশেষ প্রসিকিউটর ছিলেন শেখ মো. সেলিম ও সাহিদুর রহমান।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে এবং দেশের বিভিন্ন সেক্টরে বিদ্রোহের ঘটনা ঘটে। ওই বিদ্রোহে কুষ্টিয়া সেক্টরের জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে মামলা করা হয়।