কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল সোমবার গভীর রাতে র‌্যাবের গুলিতে রইচ উদ্দিন (৩২) নামের একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, গতকাল রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার মধুপুর আখ সেন্টারের কাছে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রইচ নিহত হন। তিনি চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামে।তবে অভিযোগ আছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার কৃতিনগর গ্রামের একটি ইটভাটা থেকে রইচ উদ্দিন ও নুরাল ইসলামকে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। গতকাল দুপুরে নুরালের পরিবার এ অভিযোগ তুলে। ঘটনা সম্পর্কে র‌্যাব-১২-এর ভাষ্য, কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর আখ সেন্টারের পাশে জাসদ গণবাহিনীর একদল চরমপন্থী গোপন বৈঠক করছে—এমন সংবাদের গতকাল রাতে র‌্যাবের সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট ধরে চলে এ বন্দুকযুদ্ধ। পরে র‌্যাব ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। এটি রইচের লাশ বলে শনাক্ত করা হয়।র‌্যাব আরও জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ রইচের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এলজি, চারটি গুলি, দুটি ধারালো হাসুয়া ও একটি কুড়াল উদ্ধার করা হয়।এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রইচের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) আছে।