কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল বুধবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হবি কবিরাজ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা। হবি ‘চরাঞ্চলের ত্রাস’ পান্না বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন বলে পুলিশ দাবি করছে।এদিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা উপজেলার গয়েশবাড়ী ও পদ্মবিলা এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ও গতকাল সকালে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গয়েশবাড়ী গ্রামের আবদুস সালাম ( ৪৫) ও পদ্মবিলা গ্রামের আবদুল মজিদ (৩৫)। তাঁরা চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য ছিলেন বলে পুলিশের দাবি। ‘বন্দুকযুদ্ধ’: দৌলতপুর থানার পুলিশের ভাষ্য অনুযায়ী, উপজেলার চিলমারী ইউনিয়নের দুর্গম বাজুমারা খেয়াঘাটের কাছে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে হবি ছয়-সাতজন সঙ্গীকে নিয়ে সশস্ত্র অবস্থায় বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোর চারটার দিকে দৌলতপুর থানার পুলিশ ও হোসেনাবাদ র্যাব ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালাতে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ-র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়ের পর চরমপন্থীরা পিছু হটে। এ সময় এলাকার লোকজন ও পুলিশ সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। এলাকাবাসী লাশটি হবি কবিরাজের বলে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, রাইফেলের সাতটি গুলি, বন্দুকের পাঁচটি গুলির খোসা, দুটি রামদা ও নয়টি তাজা বোমা উদ্ধার করেছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নিহত হবি পান্না বাহিনীর দ্বিতীয় প্রধান। পান্না নিহত হওয়ার পর তিনি সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন। হবির বিরুদ্ধে দৌলতপুর থানায় ছয়টি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। পাবনায় দুজনের লাশ উদ্ধার: প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গয়েশবাড়ী গ্রামের একটি সরষেখেতের মধ্যে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এলাকাবাসী সেখানে গিয়ে বোমার আঘাতে নিহত ওই গ্রামের আবদুস সালামের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ ছাড়া গতকাল সকাল আটটার দিকে একই উপজেলার পদ্মবিলা গ্রামের একটি মাঠের মধ্যে এলাকাবাসী আবদুল মজিদ নামের এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, তাঁদের বিরুদ্ধে আতাইকুলা থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।অস্ত্রসহ চরমপন্থী গ্রেপ্তার: মেহেরপুর প্রতিনিধি জানান, জেলার গাংনী উপজেলার কুলবাড়িয়া সড়ক থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে র্যাব একটি এলজি ও দুটি গুলিসহ হোসেন ওরফে পিচ্চি হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামে। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) মেহেরপুর অঞ্চলের কমান্ডার বলে র্যাব দাবি করছে। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।