কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের গুলিতে দুই যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার বড়বাড়িয়া গ্রামের মাঠে ‘বন্দুকযুদ্ধে’র সময় এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের রাজা (২৭)। অপরজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের লিটন আলী (২৮)। ঘটনা সম্পর্কে জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মিরপুর উপজেলার বড়বাড়িয়া মাঠে একদল অপহরণকারী অস্ত্রসহ অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ও মিরপুর থানা-পুলিশ গতকাল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধ চলে। পরে পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে তারা দুটি দেশীয় তৈরি এলজি, বন্দুকের পাঁচটি গুলি ও ছয়টি ককটেল উদ্ধার করে। বন্দুকযুদ্ধের সময় পুলিশের সহকারী উপপরিদর্শক শাহাবুদ্দিন ও গোয়েন্দা পুলিশের সদস্য রনবী আহত হন। তাঁদের কুষ্টিয়া পুলিশ লাইনের হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।মিরপুর থানা-পুলিশ জানায়, গতকাল রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম প্রথম আলো অনলাইনকে বলেন, রাজার বিরুদ্ধে মেহেরপুর সদর, গাংনী ও কুষ্টিয়ার মিরপুর থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ১১টি মামলা আছে। আর লিটনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। তিনি দাবি করেন, নিহতেরা আন্তজেলা অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। এঁরা বিভিন্ন সময় অপহরণ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। না দিতে পারলে খুন করে লাশ গুম করে ফেলতেন।