কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আজ মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাহাত আলী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। ভোররাত চারটার দিকে উপজেলার কুর্শা বাজারের পাশে ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, নিহত রাহাত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা ও রাহাত বাহিনীর প্রধান ছিলেন। তিনি মিরপুরের বাঁশবাড়িয়া গ্রামের নওয়াব আলীর ছেলে।মিরপুর থানার পুলিশ জানায়, রাহাত কুর্শা বাজারের পাশে ঈদগাহ মাঠে তাঁর সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাহাতের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।পরে গুলিবিদ্ধ অবস্থায় রাহাতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া একটি পিস্তল, একটি এলজি, চারটি ককটেল ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। রাহাতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম প্রথম আলো ডটকমকে বলেন, রাহাতের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় পাঁচটি হত্যাসহ ১১টি মামলা আছে। এ ছাড়া তিনি একটি অস্ত্র মামলায় ৪৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।