কুষ্ঠ কমেছে, মানসিকতা একই আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কুষ্ঠ রোগের আক্রান্ত মানুষের সংখ্যা কমছে। তবে কুষ্ঠ রোগ সম্পর্কে সাধারণভাবে মানুষের ধারণার পরিবর্তন হয়নি। কুষ্ঠ রোগীকে এখনো অনেকে অস্পৃশ্য ভেবে এড়িয়ে চলে। দ্রুত চিকিৎসার আওতায় না আসায় দেশের কুষ্ঠ রোগীদের ১১ শতাংশের বেশি প্রতিবন্ধিতার শিকার হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কুষ্ঠ আক্রান্তদের মধ্যে প্রতিবন্ধীর হার পাঁচ শতাংশের নিচে নামাতে বলেছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কুষ্ঠ রোগের চিকিৎসা ও রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ব্যাপারে সরকারের উদ্যোগ কম। কুষ্ঠ রোগের জীবাণু শরীরের চামড়া ও প্রান্ত স্নায়ুকে আক্রান্ত করে। চিকিৎসা নিতে দেরি হলে রোগীর হাত, পা, চোখসহ বিভিন্ন স্থানে বিকলাঙ্গতা দেখা দেয়। রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে অনুভূতিহীন হালকা ফ্যাকাসে অথবা সাদাটে দাগ, চামড়ায় গুটি বা দানা, কানের লতি মোটা হওয়া। সরকারি কর্মকর্তারা বলছেন, ১৯৮৫ সালে ৫২ হাজার ১৬১ জন রোগী চিকিৎসাধীন ছিল। তাদের ৩৬ শতাংশ ছিল প্রতিবন্ধী। ২০১০ সালে রোগী কমে দাঁড়ায় তিন হাজার ৬৮৬ জনে। তার ১১ শতাংশ প্রতিবন্ধী। জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ কার্যক্রমের পরিচালক মো. আশেক হোসেন প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের মধ্যে প্রতিবন্ধিতার হার পাঁচের নিচে নামিয়ে আনার চেষ্টা চলছে। জাতীয় কর্মসূচির চিকিৎসক ও কর্মকর্তারা বলছেন, অনেকে কুষ্ঠ রোগী হিসেবে চিহ্নিত হওয়ার ভয়ে চিকিৎসকের কাছে যায় না। কেউ কেউ কবিরাজসহ বিভিন্ন জায়গায় যায়। এসব কারণে চিকিৎসার আওতায় আসতে অনেক সময় লাগছে। তত দিনে রোগ অনেক দূর ছড়ায়। তাদের অনেকে প্রতিবন্ধিতার শিকার হয়। দেশের অবস্থা: কুষ্ঠ নিয়ে সরকারের সঙ্গে কাজ করছে লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। তারা বলছে, সারা দেশে কুষ্ঠ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দুই লাখ। তাদের মধ্যে সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসার আওতায় আছে চার হাজারের কিছু বেশি রোগী। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশে রোগীর সংখ্যা কমছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যমাত্রা ছিল প্রতি ১০ হাজার জনগোষ্ঠীতে নথিভুক্ত কুষ্ঠ রোগীর হার একের নিচে নামিয়ে আনা। ১৯৯৮ সালে বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রা অর্জন করে। বিগত কয়েক বছর ধরে দেশে গড়ে পাঁচ-ছয় হাজার নতুন কুষ্ঠ রোগী শনাক্ত হচ্ছে। নীলফামারী, গাইবান্ধা, সিলেট, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় এ রোগের প্রাদুর্ভাব বেশি। দেশের সব উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও বেসরকারি ক্লিনিকেও বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়া যায়। সংশ্লিষ্ট চিকিৎসকেরা বলছেন, প্রতিবন্ধিতা রোধে দরকার অস্ত্রোপচার। এই সুযোগ আছে অল্প কটি হাসপাতালে। মহাখালীর ৩০ শয্যার কুষ্ঠ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে ১৯৭২ সাল থেকে অবেদনবিদের (এনেসথেসিস্ট) পদ নেই। হাসপাতালের সহকারী পরিচালক এ কে এম আলী আশরাফ বলেন, এ পদটির জন্য বহুবার আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। রয়ে গেছে অস্পৃশ্যতা: মহাখালীর কুষ্ঠ হাসপাতালে ভর্তি আছে নোয়াখালীর রোজিনা। ২০০৭ সালে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়। জানাজানির পর তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। রোজিনার বাবা মারা গেছেন। ভাইয়ের বউ তাকে ভালো চোখে দেখেন না। ভাইয়ের ছেলেমেয়েদের কাছে ঘেঁষতে দেওয়া হয় না। ঘরের কাজ করতে দেয় না। আলাদা করে খাবার দেয়।একই হাসপাতালে কথা হয় কেরানীগঞ্জের মো. রফিকের (৫০) সঙ্গে। তিনি যে বাড়িতে থাকেন, সে বাড়িতে অন্য ভাড়াটেরা থাকতে চান না। ২০০১ সাল থেকে বহুবার বাড়ি পাল্টাতে হয়েছে। ছেলেমেয়েরা তাঁকে দেখে না। স্ত্রীও বিরক্ত, তাঁকে ছেড়ে চলে যেতে চাইছেন। তাঁর পায়ের তলায় ঘা। ক্র্যাচ ছাড়া হাঁটতে পারেন না। বয়স বেশি হওয়ায় জাতীয় কুষ্ঠ কর্মসূচি থেকে তাঁকে কোনো প্রশিক্ষণ বা আর্থিক সহায়তা দেওয়া হয়নি। কয়েক দিন পর ভিক্ষা করা ছাড়া তাঁর আর উপায় থাকবে না। এ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ঈদে এ হাসপাতাল রোগীতে ভর্তি থাকে। ঈদে বাড়িতে অতিথি আসে বলে পরিবারের সদস্যরা রোগীকে বাড়ি নিতে চায় না বা হাসপাতালে ভর্তি করে রেখে যায়। এ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আবু সাঈদ মোহাম্মদ বলেন, রোগীরা বাড়ি যেতে চায় না। ফলে তাদের বাড়ি পাঠাতে হলে বেশ কয়েক দিন আগে থেকে প্রস্তুত করতে হয়। তিনি জানান, এ হাসপাতালে রোগীর দর্শনার্থীদেরও দেখা মেলে কালেভদ্রে।সচেতনতা প্রয়োজন: বিশেষজ্ঞরা বলছেন, কুষ্ঠ রোগ বংশগত নয়। এটি মৃদু সংক্রামক রোগ। শতকরা ৯৯ জনেরই এই রোগটি প্রতিরোধ করার ক্ষমতা থাকে। ১০০ জন রোগীর মধ্যে ২০ ভাগ রোগী সংক্রামক। রোগটি বাতাসের মাধ্যমে ছড়ায়। তবে চিকিৎসার আওতায় এলে রোগী আর জীবাণু ছড়ায় না। শিশুকে বুকের দুধ খাওয়ানো হলে শিশুর মধ্যে কুষ্ঠ প্রতিরোধের ক্ষমতা বাড়ে।দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক (অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং) জুয়েল বৈদ্য বলেন, কুষ্ঠ রোগ নিয়ে প্রচার নেই। মানুষকে সচেতন করার ব্যাপক কোনো উদ্যোগ নেই। তিনি জানান, সরকারের সঙ্গে আটটি এনজিও এ বিষয়ে কাজ করছে। তবে এখন অধিকাংশ এনজিও সক্রিয়ভাবে কিছু করছে না।আজ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১০০টি দেশ বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করছে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সকলে মিলে কাজ করি, কুষ্ঠমুক্ত বিশ্ব গড়ি।’