কুষ্ঠ রোগীদের জনবিচ্ছিন্ন করার আইন ১১৩ বছর পর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্ঠ রোগীদের জনবিচ্ছিন্ন করার একটি আইন ১১৩ বছর পর বাতিল করা হয়েছে। ‘দ্য লেপারস (রহিতকরণ) বিল’ নামে এই বিলটি পাসের মাধ্যমে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রায় নয় বছর পর একটি বেসরকারি বিল পাস হলো। কুষ্ঠ রোগীদের জনবিচ্ছিন্ন করার কুসংস্কারাচ্ছন্ন, অবৈজ্ঞানিক ও অমানবিক শত বছরের আইনের বিলুপ্তি ঘটাতে ‘দ্য লেপারস (রিপিল) অ্যাক্ট’ পাস হয়।কুষ্ঠ রোগ-সংক্রান্ত দি লেপারস অ্যাক্ট নামে এ আইনটি ১৮৯৮ সালের সামাজিক অবস্থা অনুযায়ী প্রণীত হলেও পরে আর তা বিলুপ্ত হয়নি। আইনটি প্রণয়নের সময় কুষ্ঠ রোগ সম্পর্কে শাসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের ধারণা ছিল, এটি একটি সংক্রামক ও অনিরাময়যোগ্য রোগ। এমনকি এ রোগটিকে অভিশাপ হিসেবে অভিহিত করা হতো। ফলে এ রোগে আক্রান্ত ব্যক্তিকে আইনের মাধ্যমে একঘরে করে রাখা হতো। তারা নানা সামাজিক বৈষম্যের শিকার হতো।ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী এ বিলটি সংসদে উপস্থাপন করেন। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমও বিলের ওপর সমর্থনসূচক বক্তব্য দেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিলটি পাসের সময় সাংসদেরা টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানান। নবম জাতীয় সংসদে এটিই প্রথম পাস হওয়া বেসরকারি বিল।সর্বশেষ ২০০২ সালে চারদলীয় জোটের সাংসদ সামসুল আলম প্রামাণিকের ‘জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) বিল, ২০০২ পাস হয়েছিল। জাতীয় সংসদে বেসরকারি বিল পাসের রেকর্ড হাতেগোনা। সংসদের রেকর্ড থেকে দেখা গেছে, নয়টি সংসদে এ পর্যন্ত ছয়টি বেসরকারি বিল পাস হয়েছে। লেপার্স বিল সংসদে পাস হওয়া সপ্তম বেসরকারি বিল।গত বছরের ৩ জুন সংসদে কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিলের প্রস্তাব রেখে বিলটি উত্থাপন করেন সাংসদ সাবের হোসেন চৌধুরী।জানা গেছে, গত আটটি সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত মোট ২৫৫টি বিল উত্থাপিত হয়। আর চলতি জাতীয় সংসদে ১২টি বিল উত্থাপন করা হলেও মাত্র একটি বিল পাস হলো।