কুসুম ফুল চাষে মন্দা
বৈরী আব-হাওয়ার কারণে এ বছর ঢাকা ও এর আশেপাশে কুসুম ফুলের চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার পোকার আক্রমণ ও অনাবৃষ্টিতে ফুলে আসল রংও ধরেনি, আকারও হয়েছে ছোট। সব মিলিয়ে এবার শুকনো কুসুম ফুল থেকে তৈরি সুতা ও কাপড়ের রং অন্য বছরের মতো উজ্জ্বল ও পাকা হবে না বলে অনেকে আশঙ্কা করছেন। আমীরগঞ্জের ফুলচাষি জমির মোল্লা তাঁর জমি থেকে কুসুম ফুল তুলেছেন গত বছরের অর্ধেক। সোনারগাঁওয়ের দাদন-চাষি রহমতুল্যা টাকা শোধ দেওয়ার চিন্তায় অস্থির। জমিতে যে ফুল হয়েছে তা দিয়ে দাদনের টাকাই মেটানো সম্ভব হবে না। অঞ্চলের প্রায় সব চাষিরই একই অবস্থা। ফলন কম হওয়ায় শুকনো কুসুম ফুলের সরবরাহে ঘাটতির আশঙ্কা রয়েছেই। রঙের দাম বাড়ার আশঙ্কায় সুতি ও রেশমি কাপড়ের উত্পাদনকারী ও বিক্রেতা উভয়েই উদ্বিগ্ন। এই উজ্জ্বল হলুদ-লাল বর্ণের সুতা রঞ্জনকারী প্রাকৃতিক উপাদানটির দাম বাড়ার আশঙ্কায় সবচেয়ে শঙ্কিত তাঁতিরা। রঙিন সুতার দাম বাড়লে তাঁদের উত্পাদন খরচ বেড়ে যাবে। বাংলা সুবা থেকে প্রতিবছর প্রচুর শুকনো কুসুম ফুলের গাঁট হিন্দুস্তানের নানা প্রদেশে চালান যায়। বিদেশি বণিকেরাও শুকনো ফুল মধ্যপ্রাচ্যসহ ইউরোপের নানা দেশে রপ্তানি করে থাকেন। এ বছর এই সরবরাহ অক্ষুণ্ন থাকবে কি না, সে ব্যাপারে গভীর সন্দেহ প্রকাশ করেছেন ঢাকার বাদশাহি বাজারে শুকনো ফুলের মাড়োয়ারি পাইকারি ব্যবসায়ী রসিলাল শেঠ।কুসুম ফুলের মৌসুমে অনেক গৃহস্থ তাজা কুসুম ফুল রোদে শুকিয়ে বিক্রি করেন। কেউ কেউ এর থেকে রং বের করেও দু-চার পয়সা উপার্জন করেন। এবার তাঁদেরও পথে বসার দশা।