কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, জামালপুর ও ফরিদপুরে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, জামালপুর ও ফরিদপুরে ব্যাপক বন্যা শুরু হয়েছে। কুড়িগ্রামের দুই শতাধিক চরের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার পানি বেড়ে আজ সকালে সিরাজগঞ্জ পয়েন্টে তা বিপত্সীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার অন্তত ৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।সিরাজগঞ্জে পানি বাড়ার কারণে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই এলাকার শতাধিক ঘরবাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।তবে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা জানান, পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।কুড়িগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাট ইউনিয়নের ২২টি গ্রামের সব কটি এখন পানির নিচে। পানির স্রোতে ভেসে যাওয়ার উপক্রম হওয়ায় গয়নার পটল ও খাওরিয়ার চরে ৪২টি বাড়ি আজ সরিয়ে নেওয়া হয়েছে। কুড়িগ্রামে পানির তোড়ে ভেসে গেছে শতাধিক বাড়ি। ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির আমন খেত। ব্রহ্মপুত্র নদের পানি বিপত্সীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পাশাপাশি ধরলা নদীর পানিও বিপত্সীমা ছুঁই ছুঁই করছে। চিলমারীর রাজারভিটায় পানি উন্নয়ন বোর্ডের তীর প্রতিরক্ষা কাজের ১০ মিটার এলাকার পিচিং করা ব্লক ধসে গেছে। পাউবো সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ধরলায় ১১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ১৩ সেন্টিমিটার, দুধকুমারে ৯ সেন্টিমিটার পানি বেড়েছে। গতকাল রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের নিকটবর্তী ধরলা নদীতে নৌকাডুবিতে মুক্তা (১৩) নামের এক শিশু মারা গেছে। আজ সোমবার স্থানীয় লোকজন ভাঙন প্রতিরোধের জন্য বিক্ষোভ ও সমাবেশ করেছে।সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, নিম্নচাপের কারণে কপোতাক্ষ নদের পানির তোড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে শ্যামনগর উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। আইলায় গৃহহীন হয়ে দীর্ঘ এক বছর পর যাঁরা বাস্তুভিটায় ফিরে গিয়েছিলেন তাঁরা আবার পাউবোর বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। ঈদের দিন থেকে এ ভাঙন শুরু হলেও রোববার প্রবল আকার ধারণ করায় প্রায় শতাধিক চিংড়িঘের ভেসে গেছে। এদিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহতলী এলাকার চুন নদীর পানির স্রোতে পাউবোর বাঁধে প্রবল আকার ধারণ করেছে। যেকোনো মুহূর্তে তা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, বাঁধ ভেঙে ইউনিয়নের ১৫টি গ্রামের মধ্যে ইতিমধ্যে পদ্মপুকুর, গড়কোমরপুর, কেদারবাজার, পাখিমারা, কামালকাটি, সোনাখালী, খুটিকাটা, বাইনতলা, ঝাপা ও বন্যতলা গ্রাম পানিতে তলিয়ে গেছে। আজ সকাল থেকে বাঁধ মেরামতের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু নদীর প্রবল স্রোতে তা মেরামত করা সম্ভব হয়নি।জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, জামালপুরের যমুনা অববাহিকার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় গত রোববার বিকেল থেকে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আজ সোমবার সকালে যমুনার নদীর পানি বিপত্সীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত চার দিনে জামালপুর জেলার কোথাও ভারী বৃষ্টিপাত না হলেও আকস্মিকভাবে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। যমুনার পানি বাড়ার ফলে রোববার বিকেল থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, চিকাজানি, বাহাদুরাবাদ ও ইসলামপুর উপজেলার পাথর্শী, কুলকান্দি, চিনাডুলি, বেলগাছা, নোয়ারপাড়া, সাপধরি ও ইসলামপুর সদর ইউনিয়নের ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার অনেকেই পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। পানির স্রোতে গত রোববার রাতে ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়ায় হার্ড পয়েন্ট বাঁধ সম্পূর্ণরূপে ধসে গেছে।ফরিদপুর অফিস জানিয়েছে, গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার বেড়ে বিপত্সীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। জেলার চারটি ইউনিয়নের ২৯ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ৯০টি বসতবাড়ি। এসব এলাকায় এ পর্যন্ত এক হাজার ২০০ পরিবারের মধ্যে ১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।