কুড়িগ্রাম ও পাবনায় বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মী আটক
১২ মার্চ বিএনপির মহাসমাবেশকে ঘিরে নাশকতা ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় কুড়িগ্রাম ও পাবনায় বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।কুড়িগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও পাবনা অফিস থেকে পাঠানো খবর:কুড়িগ্রাম: আজ ভোরে জেলার ভুরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয়জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।আটক হওয়া নেতা-কর্মীরা হলেন মো. আজিজুল হক, শিকদার আলী, নজরুল ইসলাম, আবদুল মালেক, মতিউর রহমান ও মমিনুল ইসলাম।পুলিশ সুপার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে। পাবনা: গতকাল রাতে ও আজ সকালে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ নিয়ে পাবনায় জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী আটকের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। এর আগে একই কারণে গত মঙ্গলবার রাতে ও বুধবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত শিবিরের ২০ জন নেতা-কর্মীকে আটক করে।জেলার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক ছিল। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।