কুড়িগ্রাম ও বগুড়ায় আরও ২৫ গ্রাম প্লাবিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের বন্যা-পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামের উলিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় গতকাল বৃহস্পতিবার নতুন করে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবেছে ঘরবাড়ি ও বীজতলা। বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও গঙ্গাধরসহ প্রায় সব নদনদীর পানি বাড়ায় বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানিসহ খাবারের সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় গতকাল পর্যন্ত কোনো ধরনের ত্রাণসহায়তা পৌঁছায়নি। জেলা প্রশাসন গতকাল দুর্গতদের জন্য মাত্র ৩৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। জরুরি ভিত্তিতে ৫০০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ চেয়ে ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, কুড়িগ্রাম সদর, চিলমারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর ও রাজারহাট উপজেলার চরাঞ্চলসহ দুই শতাধিক এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, বিশাল এলাকার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে তিনটি নৌকা দিয়ে পানিবন্দী লোকজনকে উদ্ধার করা হচ্ছে। চর যাত্রাপুর, চিড়া খাওয়া চর, প্রথম আলোর চরসহ বেশ কিছু চর পুরোপুরি প্লাবিত হয়েছে। এসব এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে উঁচু সড়কে আশ্রয় নিয়েছে। রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন জানান, রাজীবপুরে দুর্গত লোকজন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো সহায়তা পায়নি। তাঁর উপজেলায় গত দুই দিনে করাতিপাড়া, মন্ডলপাড়া, ভেলামারী, নাওশালা, শিকারপুরসহ অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান বন্যাদুর্গত কিছু এলাকা পরিদর্শন করে জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পানিবন্দী লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন। এসব এলাকায় ত্রাণ সরবরাহের জন্য খাদ্য বরাদ্দ চেয়ে ঢাকায় বার্তা পাঠানো হয়েছে। উলিপুর (কুড়িগ্রাম): ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় উলিপুর উপজেলায় গতকাল অন্তত ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এই নিয়ে উপজেলার সাহেবের আলগা, হাতিয়া, বেগমগঞ্জ ও বুড়াবুড়ি ইউনিয়নে দুই দিনে অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হলো। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, গতকাল ব্রহ্মপুত্র নদীর পানি নুন খাওয়া এলাকায় বিপৎসীমার ১ দশমিক ৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ধরলা নদীর পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার সমান্তরালে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বন্যার কারণে ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে। সাহেবের আলগা ইউপির চেয়ারম্যান আবদুল বাতেন জানান, বন্যাদুর্গতরা গেন্দার আলগা উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। ওই এলাকায় খাবারের সংকট দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বন্যায় ২০০ হেক্টর বীজতলা, ৩০০ হেক্টর পাটখেত ও ১০০ হেক্টর জমির শাকসবজি ডুবে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম জানান, উপজেলায় এখন পর্যন্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়নি। ত্রাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। বগুড়া: গত ৩৬ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮২ সেন্টিমিটারেরও বেশি বৃদ্ধি পাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তিন শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পাউবো ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালের দিকে সারিয়াকান্দির চন্দনবাইশা পয়েন্টে পাউবোর স্পার-১-এর একটি অংশ ধসে গেছে। এতে ধলিরকান্দি, দড়িটানাসহ বাঁধের পূর্ব দিকের বেশ কিছু এলাকা বন্যাকবলিত হয়ে পড়ে। পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরদার বলেন, ‘যমুনায় পানি বেড়ে যাওয়ায় বন্যা দেখা দিয়েছে। চন্দনবাইশা পয়েন্টে স্পার-১ ধসে যাওয়ায় বুধবার থেকে সেখানে সিসি ব্লক ফেলা হচ্ছে।’ ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে গতকাল বিকেলে ভান্ডারবাড়ী পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গত দুই দিনে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া, ভূতবাড়ী, মাধবডাঙ্গা, শহড়াবাড়ী, কৈয়াগাড়ী, বানিয়াজানসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাদুর্গতরা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে দুর্গতরা। ধুনেটের ইউএনও আতাউল গনি গতকাল সকালে যমুনা নদীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পর সংশ্লিষ্ট এলাকায় ত্রাণসহায়তার আশ্বাস দেন। ভান্ডারবাড়ী ইউপির চেয়ারম্যান আতিকুল করিম জানান, তাঁর এলাকায় ১০টি গ্রামের প্রায় ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বাঁধের অভ্যন্তরীণ গ্রামগুলোতে বন্যা হয়েছে। বন্যাকবলিত এলাকার স্পার ও বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে বালুভর্তি বস্তা ফেলে মেরামতের প্রস্তুতি চলছে।ধুনটের ইউএনও আতাউল গনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে।