কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে দেশের যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা সেতুতে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি বাসের চাকা পাংচার হয়। এতে সেতুটির কাঠের পাটাতনের একাংশ ভেঙে যায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে দুই পারের শত শত যাত্রী আটকা পড়ে। কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে রংপুরসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মধ্যে তিস্তা সেতুই একমাত্র যোগাযোগ রক্ষাকারী সেতু। দুই জেলার মধ্যে রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে। রংপুরের কাউনিয়া স্টেশনে একটি ট্রেন ও লালমনিরহাটের তিস্তা ও মহেন্দ্রনগর স্টেশনে দুটি ট্রেন আটকে পড়েছে।কাউনিয়ার স্টেশনমাস্টার মোসলেম উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই লালমনিরহাট রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। তাঁরা গাড়িটি তোলার চেষ্টা করছেন। তবে কখন এ কাজ শেষ হবে তা জানা যায়নি। রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহামেদুর রহমান বলেন, তিস্তা সেতুটি ১৮৩৪ সালে প্রতিষ্ঠিত হয়। সেতুটির মেয়াদ ছিল ১০০ বছর। জরাজীর্ণ সেতুটিতে এখন প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত তিন বছরে সেতুটিতে ৭০টি দুর্ঘটনা ঘটেছে। দুই পারের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। পার্শ্ববর্তী তিস্তা সড়ক সেতুর নির্মাণকাজ খুবই ধীরগতিতে এগোচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।