কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আফসার (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।আজ শনিবার ভোরে ভারতের চ্যাঙমারী সীমান্ত ফাঁড়িতে টহলরত বিএসএফের সদস্য জিরোলাইন থেকে বাংলাদেশের ২০০ গজ ভেতরে গুলি চালালে এ মৃত্যুর ঘটনা ঘটে।বিডিআর ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের বিশা মণ্ডলের ছেলে আফসার আজ ভোররাতে সীমান্তবর্তী গদাধর নদীতে মাছ ধরতে যান। মাছধরার সময় প্রধান সীমান্ত পিলার ৮৮৯-এর ১২ এসের কাছে পৌঁছলে ভারতের চ্যাঙমারী বিএসএফের সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা হঠাত্ তাঁকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সকালে ভুরুঙ্গামারী থানা পুলিশ ওই সীমান্ত এলাকার ২০০ গজ ভেতরে থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। লাশের পিঠে দুটি গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।