কুড়িগ্রামে অনশনে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় কুড়িগ্রামের ভেতর অবস্থিত ভারতীয় ছিটমহলের বাসিন্দারা গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করতে পারেনি। অন্যদিকে পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি গতকাল বিকেলে স্থগিত করা হয়েছে।ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনরত ছিটমহলের বাসিন্দারা ওই অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিল। এদিকে লালমনিরহাট ও নীলফামারী জেলার ভেতর অবস্থিত ভারতীয় ছিটমহলের বাসিন্দারাও ছিটমহল বিনিময়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: গতকাল দুপুর ১২টা থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের অনশন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। বেলা ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার ভেতর ভারতীয় ছিটমহল দাশিয়ার ছড়া ছিটমহলের শতাধিক নারী-পুরুষ ট্রাকে করে বের হয়। কিন্তু গঙ্গারহাটে তাদের বাধা দেয় ফুলবাড়ী থানার পুলিশ। ছিটমহলের বাসিন্দারা পরে বৃষ্টির মধ্যে নিজ ভূখণ্ড কালিহাট বাজারে পৌঁছে বিকেল পাঁচটা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করে। একইভাবে বাধা দেওয়ায় ভূরুঙ্গামারী উপজেলার ছিট কুরশা, দীঘলটারী, সাহেবগঞ্জ, গরোলঝড়া ছিটমহলের বাসিন্দারাও অনশনে যোগ দিতে পারেনি। ভারত বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে প্রতীকী অনশন কর্মসূচি ছিল। আমাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে সেখানে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় বাধ্য হয়ে সবাই নিজ ভূখণ্ডে গিয়ে কর্মসূচি পালন করেছে। তবে আন্দোলন অব্যাহত থাকবে। বাধা দেওয়ার ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোনায়েম বলেন, ছিটমহলবাসীর নিজস্ব ভূখণ্ডে কোনো ধরনের কর্মসূচি পালন করতে কোনো বাধা নেই। কিন্তু জেলা সদরে অনশন কর্মসূচি পালনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ থাকায় তাদের বাধা দেওয়া হয়েছে।পঞ্চগড়: জেলার ভেতর অবস্থিত ৩৬টি ভারতীয় ছিটমহলের বাসিন্দারা গতকাল দুপুর ১২টা থেকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করে। পরে জেলা প্রশাসনের অনুরোধের পর অনশন কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল পারভেজ ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করান। এ সময় এহছানুল পারভেজ বলেন, ‘ছিটমহলের বিষয়টি আন্তর্জাতিক। স্থানীয়ভাবে এ ব্যাপারে কিছুই করার নেই। আমরা ছিটমহলের নাগরিকদের অনশনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা চাই কোনো শর্তের বেড়াজালে না রেখে বাংলাদেশের পূর্ণাঙ্গ নাগরিকত্ব। জেলা প্রশাসনের অনুরোধে অনশন কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। সাত দিনের মধ্যে আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা না হলে আবারও আমরণ অনশনসহ নানা কর্মসূচি দেব।’গাড়াতী ছিটমহলের চেয়ারম্যান আবদুল লতিফ সরকার বলেন, ‘আমরা কোন দেশের নাগরিক তা উভয় দেশের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই।’ লালমনিরহাট: ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ভেতর থাকা ভারতীয় ছিটমহল বাঁশপচাই ভিতরকুঠি ও বাঁশপচাই ছিটমহলের বাসিন্দারা। ‘থাকব না হয়ে ছিটমহলবাসী, হতে চাই বাংলাদেশি’ বলে শিশু, তরুণ, যুবকসহ সব বয়সের নারী-পুরুষ মিছিলে স্লোগান দেয়।মিছিলে অংশগ্রহণকারী বাঁশপচাই ভিতরকুঠি ছিটমহলের যুবক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা তো বাহে বাংলাদেশের নাগরিক হবার চাইছিলাম, কিন্তু তাক বুঝি আর হইল না।’ নূরবানু (১৩) নামের স্কুলছাত্রী বলেন, ‘আমি বাংলাদেশের কুলাঘাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। কিন্তু লেখাপড়া করলেও নাগরিকত্বের পরিচয়ের অভাবে আমার তো আর চাকরি হবে না।’ নীলফামারী: ‘এত দিন শুনি আসিছি হামার ছিটমহলবাসীর সমস্যা সমাধান হইবে। কিন্তু এখন শুনেছি, হামার সমস্যা সমস্যাই থাকি গেল।’ কথাগুলো নীলফামারীর ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়নের ভেতর ভারতীয় ছিটমহল নগর জিগাবাড়ীর অতুল চন্দ্র রায়ের (৬৫)। ওই ছিটমহলের আলিমুল হক বলেন, ‘চুক্তি হোক আর না হোক, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে নাগরিকত্ব চাই।’ ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে দুই দেশের স্থলসীমান্ত চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী দুই দেশের ১৬২টি ছিটমহল বিনিময় বাস্তবায়নের জন্য গত মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রটোকল সই হয়। কিন্তু এতে ছিটমহল বিনিময়ের সুর্নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই। শুধু ‘দ্রুত’ ছিটমহল বিনিময় করতে বলা হয়েছে।