কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নছিমন, করিমন, ভটভটি ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে কুড়িগ্রামে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ ধর্মঘট চলে। পরে প্রশাসনের সঙ্গে সফল বৈঠকের পর বিকেল তিনটার দিকে তা প্রত্যাহার করা হয়। তবে ধর্মঘট চলাকালে কুড়িগ্রাম থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি। এ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন । আজ সড়ক পরিবহন মালিক গ্রুপ, শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নামের তিনটি সংগঠন ধর্মঘট ডেকেছিল। তিন সংগঠনের সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছিল, ‘কুড়িগ্রামে নছিমন, করিমন, ভটভটি ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ সেগুলো বন্ধে কোনো উদ্যোগ না নেওয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে।’ প্রসঙ্গত, গতকাল সোমবার সড়ক পরিবহন মালিক গ্রুপ কার্যালয়ে যৌথ সভা শেষে তিনটি সংগঠনের নেতারা ধর্মঘটের সিদ্ধান্ত নেন।