কুড়িগ্রামে আর কোনো দিন মঙ্গা হতে দেব না: প্রধানমন্ত্রী
‘কুড়িগ্রামে আর কোনো দিন মঙ্গা হতে দেব না। ন্যাশনাল সার্ভিসের মতো আরও অনেক প্রকল্প গ্রহণ করে এ এলাকার মঙ্গা নিরসন করা হবে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে মঙ্গার বদনাম ঘুচিয়েছিলাম। কিন্তু পরবর্তী সরকার এসে আর কোনো কাজ করেনি। ফলে এই অঞ্চলের অভাব দূর হয়নি।’ আজ শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠে ন্যাশনাল সার্ভিসের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রাম থেকে এ কর্মসূচির যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে সারা দেশে সাত লাখ ২০ হাজার যুবক ও যবতীকে প্রশিক্ষণের মাধ্যমে কাজ দেওয়া হবে। কুড়িগ্রাম অবহেলিত এলাকা, তাই এখান থেকে যাত্রা শুরু করলাম। জেলার নয় উপজেলায় ৩২ হাজার ৫০০ জনকে এই কর্মসূচির আওতায় আনা হবে। ইতিমধ্যে নয় হাজার ৯৫০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে চারজনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দিলাম। এরা দুই বছর চাকরির সময়ে প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা পাবে। এ কাজের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে পরে যেকোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে।’প্রধানমন্ত্রী আরও বলেন, কুড়িগ্রামের মঙ্গা দূর করার জন্য এরই মধ্যে কর্মসংস্থান ব্যাংকের শাখা স্থাপন করা হয়েছে। এই ব্যাংক থেকে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন। তিনি বলেন, সরকারের পক্ষে ১৫ কোটি মানুষকে চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে স্বাবলম্বী করা সম্ভব।শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার জনগণের সেবক হিসেবে কাজ করছে। সারের দাম কমানো হয়েছে। বিগত সরকার এক মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করতে পারেনি। আমরা বিদ্যুত্ উত্পাদনের চেষ্টা করছি। কৃষকদেরও সেচসুবিধা দিতে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিদ্যুত্ সরবরাহের ব্যবস্থা করেছি। সে কারণে কৃষকেরা এরার সেচসংকটে পড়েননি। কৃষকেরা যাতে ধান-চালের উত্পাদন মূল্য পান, সে জন্য চালের মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করেছি।’বক্তবের শুরুতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চারজনের হাতে নিয়োগপত্র তুলে দেন। তাঁরা হলেন কাঠালবাড়ী শিবরাম গ্রামের শাহ আলম, পৌরসভার মিস্ত্রিপারার রত্না বিশ্বাস, ঘোগাদহ ইউনিয়নের ভেলার ভিটা গ্রামের সানোয়ারুল হাসান, কাঠালবাড়ী প্রসাদ কালোয়া গ্রামের জোসনা রানী।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, সাংসদ আবদুল মান্নান, জাকির হোসেন, ফজলে রাব্বী, বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব আহাম্মেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল ইসলাম প্রমুখ।