কুড়িগ্রামে এসিড মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড
এসিড নিক্ষেপ মামলার রায়ে আসামি মো. রাজ্জাককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার কুড়িগ্রামের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম এ রায় দেন।মামলার বিবরণে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় গ্রামের মো. রাজ্জাক আগের স্ত্রীর কথা গোপন রেখে একই গ্রামের হালিমা খাতুনকে বিয়ে করেন। ঘটনা প্রকাশিত হলে স্বামী ও স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয় এবং হালিমা বাবার বাড়িতে চলে যান। তাঁকে নিজের বাড়িতে ফেরত আনার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০১০ সালের ১৪ নভেম্বর রাতে হালিমা ঘুমিয়ে আছে মনে করে রাজ্জাক এসিড নিক্ষেপ করেন।এতে হালিমার মা জরিনা (৬০) ও ভাগ্নি খুশির (১৪) শরীর ঝলসে যায়। এসিডে খুশির ডান চোখ, মাথা, ডান মুখমণ্ডল, পেট, পায়ু পথ প্রভৃতি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাশাপাশি ঘুমিয়ে থাকা খুশির নানি জরিনা বেগমের শরীরের বিভিন্ন স্থান স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়।এ ব্যাপারে হালিমার ছোট ভাই শাহীন আলম গত বছরের ১৯ নভেম্বর ভুরুঙ্গামারী থানায় একটি মামলা করেন। এসিড অপরাধ দমন আইন ২০০২-এর ৫(ক) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত মামলার রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও রাজ্জাককে এক লাখ টাকা অর্থদণ্ড দেন। এই টাকা জেলা প্রশাসক আদায় করে ট্রাইব্যুনালে জমা করবেন এবং আদালত মামলার ক্ষতিগ্রস্তদের ওই টাকা দেবেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মহব্বত বিন খন্দকার, এসিড সারভাইভরস ফাউন্ডেশন ঢাকা, শিশু অধিকার বাস্তবায়ন ফোরাম কুড়িগ্রাম, সেভ দ্য চিলড্রেন ইউকে, ব্র্যাকসহ স্থানীয় এনজিও এবং জাতীয় ও আন্তর্জাতিক শিশুসংগঠন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. ইদ্রিস আলী ও আইনজীবী আফতাব উদ্দিন মণ্ডল।