কুড়িগ্রামে জঙ্গি সন্দেহে ১৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে জঙ্গ্রিসংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ নারীসহ ১৪ জনকে আটক করা হয়েছে। পৌরসভার রৌমারীপাড়ার শাহীনূরের বাড়ি থেকে সদর থানার পুলিশ গতকাল রোববার তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের সঙ্গে চারটি শিশুও রয়েছে।আটক ব্যক্তিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের তাজুল ইসলাম, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা বেগম; রংপুরের গঙ্গাচড়া এলাকার মোসাদ্দেকুল ইসলাম; সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের হেলালউদ্দিন, তাঁর স্ত্রী রহিমা খাতুন ও তাঁদের সাত মাসের ছেলে হোজাইফা; কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের জিয়াউর রহমান, তাঁর স্ত্রী আছিয়া খাতুন, তাঁদের দুই ছেলে উমায়েদ (৭) ও ওবায়েদ (৪); কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফায়ার সার্ভিস দক্ষিণপাড়ার সৈয়দ আলী, নাগেশ্বরীর কচাকাটা এলাকার ইব্রাহীম আলীর স্ত্রী জমিলা, তাঁর মেয়ে মাসুমা (৩); গাইবান্ধার জুম্মাগাড়ী এলাকার হাবিবুর রহমান, গাইবান্ধা সদরের চকমাথারাম গ্রামের নূরুল ইসলাম; কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনীরাম গ্রামের ফারুকুল ইসলাম; ময়মনসিংহের ভালুকা উপজেলার পানিভাঙ্গা গ্রামের মকবুল হোসেন এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম। জিয়াউর রহমান জানান, তাঁরা ‘কালেমার জামায়াত’-এর সদস্য। এর সদর দপ্তর ভোলায়। তাঁরা এই সংগঠনের প্রধান ভোলার চরফ্যাশনের কলেজশিক্ষক আবদুল মজিদের অনুসারী। তাঁর নির্দেশে তাঁরা ইসলামের দাওয়াত কুড়িগ্রামের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। এ ছাড়া তাঁরা সবাই একই বাড়িতে থেকে বিভিন্ন দোকানে খাতা, কলম, পেনসিলসহ মালামাল সরবরাহ করতেন।শিক্ষক আবদুল মজিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো জঙ্গি বা রাজনৈতিক সংগঠন নয়। কোরআন ও হাদিসের আলোকে আমার চার শতাধিক মুরিদ সারা দেশে ঘুরে ব্যবসা করে এবং ইসলামের দাওয়াত প্রচার করে।’ কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।