কুড়িগ্রামে ঝাঁঝালো গন্ধে মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বাফার গুদামে জায়গা না হওয়ায় ৩ মাস ধরে খোলা আকাশের নিচে ইউরিয়া সার পড়ে আছে। শীত এবং কুয়াশায় অনেক সার নষ্ট হয়ে গেছে। নষ্ট সারের বস্তাগুলো গুদামের বারান্দায় পড়ে আছে। পড়ে থাকা সারের ঝাঁঝালো গন্ধে আশেপাশে বসবাসরত পরিবারের সদস্যরা সমস্যায় পড়েছেন, বিশেষ করে শিশুরা।সংশ্লিষ্ট বিভাগ জানায়, গুদামে ধারণক্ষমতা দুই হাজার টন। ১৯৯৫ সালে বিসিআইসি জেলায় সারের বাফার স্টক গড়ে তুলতে এ গুদামটি বিএডিসির কাছ থেকে নিয়ে ব্যবহার করছে। কিন্তু প্রতিবছর সারের চাহিদা বৃদ্ধির পাওয়ায় বাফার গুদামে জায়গা না হওয়ায় অতিরিক্ত সার বাইরে রাখা হয়। গত ২৯ জানুয়ারি পর্যন্ত গুদামে মোট সাত হাজার ৭৭৪ মেট্রিক টন সার মজুদ ছিল। এর মধ্যে চার হাজার ৬০০ টন সার চাপাচাপি করে গুদামের ভেতরে এবং তিন হাজার ১৭৪ টন সার বাইরে রাখা হয়। সরেজমিনে দেখা যায়, গুদামের তিনদিকে সারের বস্তার স্তূপ পড়ে আছে। অধিকাংশ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হলেও কতগুলোতে ত্রিপল নেই। কুয়াশায় নষ্ট হচ্ছে। এসব নষ্ট সারের বস্তা গুদামের বারান্দায় পড়ে আছে। এ প্রসঙ্গে গুদামের পাশের বাড়ির আ. হালিম, ইসাহাক আলী, সুহিন জানান, সারের তীব্র গন্ধে থাকা যায় না। শিশুরা গন্ধ সইতেই পারে না। নাকে এবং চোখে ঝাঁঝ লাগে। সারগুলো বাইরে না রাখার জন্য বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। বৃষ্টির দিনেও কখনো কখনো সারের বস্তা বাইরে থাকে। অনেক সময় গলে বাড়িতে ঢোকে। এর ওপর দিয়ে আমাদের চলাচল করতে হয়।এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজনুর রহমান জানান, ইউরিয়া পয়জনিং। এ থেকে যে ঝাঁঝালো গন্ধ ছড়ায়, এতে শ্বাসকষ্ট, চর্মরোগ এবং চোখের সমস্যা হতে পারে।বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান জানান, জায়গা না থাকায় নভেম্বর থেকে সারগুলো বাইরে রাখা হয়েছে। যে পরিমাণ সারের বরাদ্দ এসেছে, সে তুলনায় ডিলাররা সার উত্তোলন করছেন না। এতে বাইরে রাখা সারের পরিমাণ ক্রমেই বাড়ছে। সারগুলো রাখার বিকল্প জায়গা না থাকায় ত্রিপল দিয়ে কোনো রকমে ঢেকে রাখা হচ্ছে। গুদামের বারান্দায় সারের বস্তাগুলো ছিঁড়ে গেছে। তাই সেখানে ফেলে রাখা হয়েছে। জায়গা থাকলে নিশ্চয়ই বাইরে রাখতাম না। এদিকে, জেলা সার ডিলার সমিতির সভাপতি সামছুল ইসলাম মণ্ডল জানান, জেলায় বর্তমানে ৯০ জন সার ডিলার। খুচরা বিক্রেতা ৬৭৩ জন। এর মধ্যে তিন উপজেলার ২৭ জন ডিলার জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানা থেকে সরাসরি সার উত্তোলন করেন। অবশিষ্ট ছয়টি উপজেলার ৬৩ ডিলার বাফার গুদাম থেকে বরাদ্দের সার উত্তোলন করেন। দীর্ঘমেয়াদি শীতের কারণে জেলায় এখনো পুরোদমে বোরো আবাদ শুরু না হওয়ায় সারের চাহিদা কম। তবে আগামী মাস থেকে বাড়বে। এ কারণে ডিলারদের কাছে অবিক্রীত আট হাজার ৬০৮ টন সার মজুদ পড়ে আছে। জেলা কৃষি সম্প্রসারণ দফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক দেওয়ান আবদুল মজিদ জানান, শীত, কুয়াশা ইত্যাদি কারণে এবার দেরিতে বোরো আবাদ শুরু হয়েছে। এ জন্য এখন সারের চাহিদা কম।