কুড়িগ্রামে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম জানান, ‘আমাদের মঞ্চ, আমাদের মুক্তিযুদ্ধ’—এ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার থেকে কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে শুরু হয়েছে প্রচ্ছদ আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যোৎসব-২০১২। উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন নাট্যদল নাটক পরিবেশন করবে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সন্ধ্যায় স্থানীয় পৌর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বীর প্রতীক তারামন বিবি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ জাফর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ। কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ, ‘বাঙালির বিজয়ের ৪০ বছর পূর্তি’ উপলক্ষে এ নাট্যোৎসবের আয়োজন করে। উৎসবে পশ্চিমবঙ্গের কলকাতার মিউনাস, ঢাকার শূন্যন থিয়েটার, দিনাজপুরের আমাদের থিয়েটার, বগুড়া থিয়েটার, রংপুর নাট্যকেন্দ্র ও স্বাগতিক প্রচ্ছদ, কুড়িগ্রাম সপ্তাহব্যাপী এ উৎসবে সেরা সব নাটক পরিবেশন করবে। বর্ণাঢ্য উদ্বোধনের পর হেলাল জাহাঙ্গীর রচিত ও জুলকারনাইন স্বপনের নির্দেশনায় ‘উত্তরে অগ্নিকাল’ নাটকটি স্বাগতিক দল হিসেবে প্রচ্ছদ কুড়িগ্রাম মঞ্চায়ন করে।