কুড়িগ্রামে বজ্রপাতে মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে মা-ছেলেসহ পাঁচজন মারা গেছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের খোয়ার ডারা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন হাজেরা বেগম (৩৭) ও তাঁর শিশু মেহেদী হাসান (৫) এবং হাজেরার বাড়িতে আশ্রয় নেওয়া কৃষিশ্রমিক মকবুল (৩৬), হাফিজুর (৩০) ও আমজাদ (৪০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে রামখানা এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে মাঠে ধানকাটা শ্রমিকেরা পার্শ্ববর্তী বদিয়ার রহমানের বাড়িতে আশ্রয় নেন। এর কিছুক্ষণ পরই বজ্রপাতে ওই বাড়িতে দুটি টিনের ঘরে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা বদিয়ার রহমানের স্ত্রী হাজেরা ও তাঁর শিশু মেহেদী এবং ওই তিনজন মারা যান। আহত হন মনছুর আলী ও রব্বানী নামের দুই শ্রমিক।রামখানা ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।