কুড়িগ্রামে বন্যা, পানিবন্দী আড়াই লাখ মানুষ
কুড়িগ্রামে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল শুক্রবার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত আড়াই লাখ মানুষ। এ ছাড়া রংপুরের পীরগাছা উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম এবং পঞ্চগড় ও পীরগাছা (রংপুর) প্রতিনিধির পাঠানো খবর:কুড়িগ্রাম: জেলার সদর, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী, রৌমারী ও রাজীবপুর উপজেলায় গতকাল নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। চরাঞ্চলের অধিকাংশ বাড়িতে তিন থেকে চার ফুট পর্যন্ত পানি উঠেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীতে সাত সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি ১৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদের পানি বেড়েছে ১০ সেন্টিমিটার।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাফ উদ দৌলা জানান, বন্যায় জেলার ৩৫ ইউনিয়নের ৫৫ হাজার পরিবারের আড়াই থেকে তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বন্যাদুর্গত লোকজন উঁচু সড়ক, স্কুল, নৌকা ও বাঁধে আশ্রয় নিয়েছে। এসব এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ধরলার ভাঙনে সদর উপজেলার বাংটুর ঘাটে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড ব্লক ও বালুর বস্তা ফেলে তা ঠেকানোর চেষ্টা করছে। ভাঙনের আতঙ্কে এই এলাকা থেকে গতকাল তিনটি বাড়ি ও একটি দোকান সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানির তোড়ে পাঁচগাছি ইউনিয়নের মোগলবাসার সিতাইঝাড় এলাকায় একটি বাঁধ বিলীন হওয়ার আশঙ্কা করছে স্থানীয় লোকজন। সেখানেও বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। জেলা প্রশাসক হাবিবুর রহমান গতকাল বাঁধ এলাকা পরিদর্শন করেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সবিবুর রহমান জানান, এ দুটি স্থানে বাঁধ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। বেগমগঞ্জ ইউনিয়নের মশালেরচর গ্রামের বন্যার্ত লোকজন জানায়, পানিবন্দী অবস্থায় থাকলেও নৌযানের অভাবে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না। এ ছাড়া নলকূপ ডুবে যাওয়ায় পাচ্ছে না বিশুদ্ধ পানি। এলাকার অনেকেই এখনো কোনো ত্রাণ পায়নি বলেও অভিযোগ করে তারা। ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই, উত্তর তিলাই, কামাত আঙ্গারিয়া, নলেয়া, পাইকডাঙ্গা, পাইকেরছড়া, মাহিগঞ্জ, চরবলদিয়া, হেলডাঙ্গা, বারুইটারী, সতিপুরী ও ধাউরারকুটি বন্যাকবলিত এলাকার প্রায় ছয় হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে দুর্গত লোকজন। এই এলাকায় সরকারিভাবে কোনো ত্রাণ দেওয়া হয়নি বলেও অভিযোগ করে তারা। উপজেলার ইসলামপুর, চরধাউরারকুটি, দক্ষিণ চরবারুইটারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, দুর্গত এলাকায় ১০০ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ত্রাণের জন্য ৫০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা এবং গৃহনির্মাণের সহায়তা হিসেবে আরও ২০ লাখ টাকা চাওয়া হয়েছে। পীরগাছা (রংপুর): এলাকাবাসী ও পাউবো সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে তিস্তা নদীর প্রবল স্রোতের কারণে ছাওলা ইউনিয়নের শিবদেব চর এলাকায় বন্যানিয়ন্ত্রণের ১ নম্বর বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। মুহূর্তের মধ্যে চারটি বসতবাড়িসহ বেড়িবাঁধের প্রায় আধা কিলোমিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্লাবিত হয় ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের চর ছাওলা, পূর্ব হাগুড়িয়া হাসিম, শিবদেব চর, কান্দিনার চর, চর তাম্বুলপুর ও চর রহমতসহ ১১টি গ্রাম। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় তিস্তার বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে।ছাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজির হোসেন জানান, বেড়িবাঁধের আধা কিলোমিটার অংশ ভেঙে গিয়ে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, মূল বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড়: পঞ্চগড়ের পৌর এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পৌর শহরের রামেরডাঙ্গা, তুলারডাঙ্গা, নিমনগর, পৌরখালপাড়া, নতুন বস্তি খালপাড়া ও আশপাশের এলাকায় এখনো কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। পৌর মেয়র তৌহিদুল ইসলাম জানান, বন্যার্তদের সহায়তায় ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।