কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফেলানী (১২) নামের এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ছাড়া বিএসএফ এক নারীসহ দুজনকে ধরে নিয়ে গেছে বলে জানা যায়। স্থানীয় লোকজনের ধারণা, বিএসএফের হাতে আটক দুজন ফেলানীর মা-বাবা। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে অনন্তপুর খেতাবকুটি সীমান্তের ১৫০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।শিশুটির বাবার নাম নূর মোহাম্মদ নুুরু (৪৫)। তাঁদের বাড়ি একই জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণরামখানা (কলোনি) গ্রামে। বিএসএফ মৃত শিশুটির লাশ ভোর থেকে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখলে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এতে বিএসএফ ভারতীয় সীমান্তে তাদের শক্তি বৃদ্ধি করে। স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, একটি বাংলাদেশি পরিবার ভারতে এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে আজ দেশে ফিরছিল। ভোরে পরিবারটি ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে খেতাবকুটিতে পোঁছালে বিএসএফের চৌধুরী হাট ক্যাম্পের সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ফেলানী ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা এক নারী ও একজন পুরুষকে বিএসএফ ধরে নিয়ে যায়। এরপর বিএসএফ শিশুটির লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে। ঘটনার প্রতিবাদে হাজার হাজার লোকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ লাশ সরিয়ে নিতে বাধ্য হয়।বর্ডার গার্ড অব বাংলাদেশ কুড়িগ্রাম সদর দপ্তর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় শিশুটির লাশ এবং আটককৃত বাংলাদেশিদের ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পতাকা বৈঠকের চেষ্টা চলছে।