কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের নাগরিক সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবির মধ্যে দিয়ে কুড়িগ্রামে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উৎসব পালিত হয়। এ উপলক্ষে জেলার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সেক্টরের কোম্পানি কমান্ডারদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম পৌরসভা চত্বরে কুড়িগ্রাম প্রেসক্লাব ও নাগরিক কমিটি যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনায় ৬ নম্বর ও ১১ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে স্মৃতিচারণা করেন।অনুষ্ঠানের শুরুতে জেলার মুক্তিযুদ্ধের সংগঠক শুভ্রাংশু চক্রবর্তী, আমিনুল ইসলাম মণ্ডল, আখতারুজ্জামান এবং স্বাধীনতা-সংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত শওকত আলী বীর বিক্রম, তারামন বিবি বীর প্রতীক, আবদুল হাই বীর প্রতীক, বদিউজ্জামান বীর প্রতীক এবং মরহুম লেফটেন্যান্ট আসফাকুস সামাদ বীর উত্তম ও মনসুর আলী বীর বিক্রমসহ ১১ জন কোম্পানি কমান্ডারের হাতে ক্রেস্ট তুলে দেন বিজিবি ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউল হক, প্রবীণ ব্যক্তিত্ব সামিউল হক, কে এস আলী আহাম্মেদ, মনির হোসেন ও আইনজীবী ইদ্রিস আলী এবং শামসুল ইসলাম মণ্ডল । স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন কমিটির সভাপতি সফি খানের সভাপতিত্বে এ সময় স্মৃতিচারণা করেন মুক্তিযুদ্ধের সংগঠক শুভ্রাংশু চক্রবর্তী, বীর প্রতীক তারামন বিবি, আবদুল হাই, ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার আবুল হোসেন, শওকত আলী বীর বিক্রম, মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ, সিরাজুল ইসলাম, মেজর সামছুল ইসলাম (অব.) এবং জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান। পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা দেশের গান পরিবেশন করেন।